শুক্রবারের পরস্ত্রী
শুক্রবারের পরস্ত্রী অয়ন মুখোপাধ্যায় ছবি – হিরন মিত্র প্রতি শুক্রবার রাত দশটা বাজলে আমি অন্য একজনের স্ত্রীর সঙ্গে প্রেম করি। শেষ মেট্রো। কবি সুভাষগামী। পাতালের অন্ধকার চিরে ট্রেনটা যখন ঢোকে, তখন প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন: ঘুমে ঢুলে পড়া এক সিকিউরিটি গার্ড, ব্যাগ আঁকড়ে ধরা দুটো কলেজপড়ুয়া, আর সে। সে দাঁড়িয়ে থাকে চার নম্বর কামরার দরজার কাছে। গায়ে ছাই-রঙা তাঁতের শাড়ি, যেন বর্ষার আকাশ কেউ ভাঁজ করে জড়িয়ে নিয়েছে। চোখে আলগা কাজল, সারাদিনের ক্লান্তিতে কোণের দিকে একটু ধেবড়ে গেছে, ঠিক যেমন বৃষ্টির পর জানলার কাচে ধুলোর রেখা গলে যায়। কণ্ঠার হাড়ের ঠিক নিচে একটা তিল। আমি জানি, ওই তিলটা ছুঁলে ওর শ্বাস এক মুহূর্তের জন্য থমকে যায়, যেমন সিঁড়ির শেষ ধাপটা না দেখে পা ফেললে আমার বুকটা ধক করে ওঠে। আমাদের নিয়ম কিন্তু তিনটে। নাম বলা যাবে না। বাড়ির ঠিকানা জিজ্ঞেস করা যাবে না। আর শুক্রবারের বাইরে কোনও দিন আমাদের মধ্যে কোথাও কখনো দেখা হবে না। ও আমাকে ডাকে “শুক্রবার”। আমি ওকে কোন নির্দিষ্ট নাম ধরে ডাকি না। নির্দিষ্ট নাম না দিলে মানুষটাকে হারানোর ভয় কম থাকে, সেরকমই ভাবতাম। সেদিন ট্রেনে উঠে ও আমার পাশে বসল। ওর চুল থেকে নারকেল তেল আর শিউলির গন্ধ আসছিল, যেন পুজোর ভোর একটা বেণীতে বাঁধা পড়ে আছে। “আজ ও খেতে বসে একটাও কথা বলেনি,”শুধু বলল, জানলার কালো কাচে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে। “ভাত মাখল, মুখে তুলল, উঠে গেল। যেন আমি টেবিলের ওপারে রাখা একটা জলের গেলাস।” “তোমার স্বামী?” ছবি – হিরন মিত্র “আমার স্বামী।” শব্দটা ও এমনভাবে উচ্চারণ করল যেন সে কোনও পুরনো, ভাঙা খেলনার নাম বলছে। “জানো, ওর হাত থেকে সবসময় ডেটলের গন্ধ আসে। হাসপাতালের গন্ধ। আগে ওই হাত দিয়ে ও আমার পিঠে আঙুল দিয়ে কবিতা লিখত, আমি অক্ষর চিনতে না পারলে ও কিন্তু খুব হাসত। এখন ওর হাত শুধু দরজা বন্ধ করে।” আমার চোয়াল শক্ত হয়ে এল। আমি কিছু বললাম না। ট্রেনটা একটা বাঁক নিল, আর ওর কাঁধ আমার কাঁধে এসে পড়ল, সরে গেল না। রবীন্দ্র সরোবরে নেমে আমরা হাঁটতে থাকলাম। লেকের জল তখন কালো আয়নার মতো স্থির, তাতে পোষ্টের আলোগুলো সোনালি পেরেকের মতো পোঁতা। ও হাঁটতে হাঁটতে আমার আঙুলে আঙুল জড়ায়। ওর আঙুলগুলো সরু, ঠান্ডা, অনামিকায় একটা সাদা দাগ, যেখানে একসময় একটা আংটি ছিল। আজ নেই। শুক্রবারে ও আংটি খুলে আসে। আমিও খুলে আসি। সেই রাতে গোলপার্কের কাছে একটা পুরনো লজের তিনতলার ঘরে, যেখানে সিলিং ফ্যানটা ঘোরে একজন বৃদ্ধের নিঃশ্বাসের মতো ধীরে, ও আমার সামনে শাড়ির আঁচল নামিয়ে রাখল। জানলা দিয়ে রাস্তার হলুদ আলো এসে পড়ছিল ওর পিঠে, শিরদাঁড়ার খাঁজ বেয়ে নেমে যাচ্ছিল একটা আলোর নদী। আমি সেই নদীর উৎস খুঁজতে খুঁজতে ঠোঁট রাখলাম ওর ঘাড়ে। ও কেঁপে উঠল, যেমন ভোরের প্রথম হাওয়ায় পদ্মপাতার জল কাঁপে। ওর তলপেটে একটা পুরনো সেলাইয়ের দাগ আছে। যেটা লম্বা, ফিকে, একটা চুপ করে থাকা ঠোঁটের মতো। আমার আঙুল সেখানে থামল। “জিজ্ঞেস কোরো না,” ও ফিসফিস করে বলল। আমি জিজ্ঞেস করলাম না। কারণ এটাই নিয়ম। পরে, অনেক পরে, যখন ঘরের অন্ধকারে শুধু ফ্যানের শব্দ আর আমাদের শ্বাস প্রশ্বাস শুনতে পারছিলাম, ও তখন আমার বুকে মাথা রেখে কাঁদছিল। নিঃশব্দে। ওর চোখের জল আমার পাঁজরের ওপর দিয়ে গড়িয়ে নামছিল, গরম, যেন কেউ মোম গলিয়ে লিখছে কোনও না-পড়া চিঠি। আমি বললাম” কাঁদে না,” ও বলল। “একবারও না। আমি বললাম না। আমি কিন্তু সেদিন একা কেঁদেছিলাম, ও শুধু দেওয়ালের দিকে তাকিয়ে ছিল। যেন দেওয়ালটা ওর কাছে কৈফিয়ত চাইছে।” “কোন দিন?” ও উত্তর দিল না। এটাই নিয়ম। তারপর এক শুক্রবার ও এল না। ঠিক দশটার সময় ট্রেন এল, চলে গেল। চার নম্বর কামরার দরজা খুলল, বন্ধ হল। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ না সিকিউরিটি এসে বলল, “দাদা, আর ট্রেন নেই।” আর ট্রেন নেই। কথাটা আমার কানে বাজতে লাগল একটা ভাঙা ঘণ্টার মতো। সেই সপ্তাহটা কাটল জ্বরের মতো। আমি হাসপাতালে রাতের ডিউটি করলাম, রোগীর নাড়ি দেখলাম, সেলাই করলাম, আর প্রতিটা মুহূর্তে মনে হল আমার নিজের নাড়িটা কেউ টেনে ধরে রেখেছে। পরের শুক্রবার ও এল। কিন্তু অন্যরকম। চোখে কাজল নেই। শাড়ি নয়, একটা সাধারণ সালোয়ার। যেন সাজসজ্জাহীন মুখটাই আজ ওর একমাত্র অস্ত্র। “ও জেনে গেছে,” ও বলল, ট্রেনে উঠেই। আমার বুকের ভেতর কিছু একটা হিম হয়ে গেল। “কী বলল?” “কিছু না। সেটাই তো সমস্যা। ও কোনওদিন কিছু বলে না।” ও আমার দিকে ফিরল। ওর চোখে একটা জেদ, একটা আর্তি, দুটো মিলে যেন ঝড়ের আগের আকাশ। “আজ তোমাকে একটা নিয়ম ভাঙতে হবে, শুক্রবার। নইলে আমি আর আসব না। কোনওদিন না।” “কোন নিয়ম?” “তোমার গল্পটা বলো। তোমার আসল গল্প। যেটা তুমি কাউকে বলোনি।” ট্রেনটা টানেলের অন্ধকারে ঢুকল। কাচে আমার মুখ ভেসে উঠল, অচেনা এক লোকের মুখ। চোখের নিচে কালি, কপালে এক বছরের না-ঘুমোনো রাত। আমি বললাম। “আমার একটা ছেলে ছিল। চার বছরের। এক শুক্রবার রাতে ওর জ্বর এল। আমি তখন হাসপাতালে, রাতের ডিউটি। ওর মা আমাকে ফোন করেছিল, আমি বলেছিলাম, প্যারাসিটামল দাও, সকালে দেখছি। আমি ডাক্তার। আমি জানতাম। আমি ভেবেছিলাম আমি জানি।” গলাটা আটকে গেল। আমি জানলার দিকে তাকিয়ে রইলাম। ও জিজ্ঞেস করল”সকাল হয়নি,” আমি বললাম। “ওর জন্য সকাল হয়নি। মেনিনজাইটিস। আমি যখন পৌঁছলাম, তখন…” একটা হাত আমার হাতের ওপর এসে পড়ল। ঠান্ডা, সরু আঙুল। অনামিকায় সাদা দাগ। “ওর নাম ছিল টুবাই,” ও বলল, খুব আস্তে। “ও সাদা রঙের বেড়াল আঁকত আর তাতে সবুজ গোঁফ দিত। আর ঘুমোনোর আগে বাবার হাতের ডেটলের গন্ধ শুঁকে বলত, ‘বাবার হাতে হাসপাতাল থাকে।’” আমি ওর দিকে ফিরলাম। ও কাঁদছিল না। ও তাকিয়ে ছিল আমার দিকে, ঠিক সেইভাবে, এক বছর আগে আমাদের বিয়ের পঞ্চম বার্ষিকীর রাতে যেভাবে তাকিয়েছিল। যখন টুবাই ঘুমিয়ে পড়েছিল আর আমি ওর পিঠে আঙুল দিয়ে একটা কবিতা লিখছিলাম। খেলাটা ওরই বানানো। টুবাই চলে যাওয়ার তিন মাস পর এক রাতে আমার ফোনে একটা মেসেজ এসেছিল, পাশের ঘর থেকে। আমরা তখন আর এক ঘরে শুতাম না। শোকটা আমাদের মাঝখানে শুয়ে থাকত একটা মৃত সাপের মতো, ছুঁতে ভয় হত। মেসেজটা ছিল: “শুক্রবার রাত দশটায়, শেষ মেট্রো, চার নম্বর কামরা। অচেনা হয়ে এসো। বাড়ির কোনও কথা আনবে না।” ছবি – হিরন মিত্র আমি গিয়েছিলাম। কেন, জানি না। হয়তো যে বাড়িতে প্রতিটা দেওয়াল টুবাইয়ের হাসি মনে করায়, সেখান থেকে পালানোর একটা সুড়ঙ্গ খুঁজছিলাম। আর পাতালের সেই সুড়ঙ্গের ভেতর আমি আবিষ্কার করেছিলাম একজন মহিলাকে, যাকে আমি সাত বছর ধরে চিনি অথচ কোনওদিন দেখিনি। যে নিজের স্বামীর নিন্দা করত, আর আমি শুনতাম। শুনতাম, আমি কতটা দূরে চলে গেছি। শুনতাম, আমার নীরবতা ওকে কীভাবে প্রতিদিন একটু একটু করে কবরে পাঠাচ্ছে। বাড়িতে যে কথা ও আমাকে বলতে পারেনি, শুক্রবারের অচেনা লোকটাকে সেটাই বলত। আর আমি, তার স্বামী, এক বছর ধরে চুপচাপ বসে শুনেছি আমার নিজের
শুক্রবারের পরস্ত্রী Read More »
