মৃত্যুসংবাদ
মৃত্যু সংবাদ অয়ন মুখোপাধ্যায় অঙ্কন – হিরণ মিত্র। নিজের মৃত্যুসংবাদ পড়ার সময় আমি ডিমসেদ্ধ খাচ্ছিলাম। ডিমে তখনও নুন দিইনি। কাগজের তৃতীয় পাতার নীচে আমার ছবি—চোখে মোটা ফ্রেমের চশমা, গলায় মফস্সলের এক সাহিত্যসভা থেকে পাওয়া উত্তরীয়। ছবির নীচে বড় অক্ষরে লিখেছে— “বিশিষ্ট কবি, নাট্যকর্মী ও সমাজসেবী অনিরুদ্ধ পাল আর নেই।” ছবিটা আমার। নামটাও। শুধু ‘বিশিষ্ট’ শব্দটি জীবনে প্রথম আমার নামের আগে বসল, আর ‘আর নেই’ কথাটা একটু তাড়াহুড়ো করল। কাগজটা মায়ের সামনে মেলে ধরলাম। মা খবরটি পড়ে প্রথমে আমার মুখ, তারপর হাতের ডিমটার দিকে তাকাল। বলল, ‘মরা মানুষ সকালে ডিম খায়?’ ‘কাগজ যখন মেরে ফেলেছে, নিশ্চয়ই খায়।’ মা আবার খবরটি পড়ল। তারপর বলল, ‘বয়সটা ভুল লিখেছে।’ আমার মৃত্যু নয়, বয়সের ভুলটাই তাকে বেশি বিচলিত করল। কাগজ আমার বয়স লিখেছে বাষট্টি। আমার আটচল্লিশ। অবশ্য ছবিতে আমাকে দেখে বাষট্টি ভাবলে কাগজকে পুরো দোষ দিতে পারি না। গত পঁচিশ বছর অন্যের লেখা ঠিক করতে করতে আমার চুল নিজের রং ভুলে গেছে। আমি ‘জনপদের কথা’ নামে একটি সাপ্তাহিক কাগজে প্রুফ দেখি। আমার পদের কোনো স্থির নাম নেই। সম্পাদক বিশ্বম্ভরবাবু আমাকে কখনও সহকারী সম্পাদক, কখনও অফিসের লোক, কখনও ‘ওই যে অনিরুদ্ধ’ বলে পরিচয় করিয়ে দেন। পুজোর বিজ্ঞাপন তুলতে গেলে আমি তাঁর সহযোদ্ধা; পাওনা চাইলে খণ্ডকালীন কর্মী। সপ্তাহে তিন দিন বিকেলে অফিসে যাই। খবরের বানান দেখি, মৃত মানুষের নামের পাশে ফুলের চিহ্ন বসাই, নেতাদের বিবৃতি থেকে বাড়তি বিস্ময়চিহ্ন কাটি। কোনো নেতা লিখলে, ‘এ মৃত্যু সমাজের অপূরণীয় ক্ষতি!!!’—আমি তিনটির মধ্যে দুটি বিস্ময়চিহ্ন বাদ দিই। মানুষ মরার পরেও তার জন্য একটি বিস্ময়চিহ্ন যথেষ্ট বলে আমার বিশ্বাস। আজ সেই কাগজ আমার জীবনটাই ভুল ছেপেছে। খবরের বাকি অংশ পড়লাম— “প্রয়াত অনিরুদ্ধ পাল আজীবন মানুষের অধিকার রক্ষার সংগ্রামে যুক্ত ছিলেন। জরুরি অবস্থার সময় তিনি কারাবরণ করেন। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনেও তাঁর ভূমিকা স্মরণীয়। একাধিক কাব্যগ্রন্থের রচয়িতা অনিরুদ্ধবাবু ছিলেন আপসহীন সাংস্কৃতিক যোদ্ধা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও অসংখ্য গুণমুগ্ধ রেখে গেলেন।” জরুরি অবস্থার সময় আমি মায়ের কোলে। কারাবরণ দূরের কথা, স্কুলে একবার হেডমাস্টার ঘরে ডাকায় আমার জ্বর এসেছিল। আমার কোনো কাব্যগ্রন্থও নেই। ষোলো বছর আগে একটা কবিতার বই ছাপানোর জন্য এক প্রকাশককে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম। লোকটি প্রথমে টাকা নিয়ে কলকাতা ছাড়ল, পরে বাংলা সাহিত্য থেকেই উধাও হয়ে গেল। আমার স্ত্রী নেই, পুত্রও নেই। আর গুণমুগ্ধের সংখ্যা মানুষ সাধারণত নিজের মৃত্যুর পরেই জানতে পারে। মা বলল, ‘কাগজের অফিসে ফোন কর।’ বিশ্বম্ভরবাবু ফোন ধরলেন না। দু-মিনিট পরে মেসেজ পাঠালেন— “জরুরি মিটিংয়ে আছি। পরে করছি।” আমি লিখলাম— “আমি মারা গেছি।” সঙ্গে সঙ্গে তিনি ফোন করলেন। ‘কে বলছেন?’ ‘মৃত অনিরুদ্ধ পাল।’ ও-পাশে কিছুক্ষণ নীরবতা। তারপর তিনি বললেন, ‘অনিরুদ্ধ, তুমি কোথা থেকে কথা বলছ?’ ‘রান্নাঘর থেকে।’ ‘মানে তুমি বেঁচে আছ?’ ‘এখনও পর্যন্ত।’ তিনি এমনভাবে দীর্ঘশ্বাস ফেললেন, যেন আমার বেঁচে থাকা তাঁর দিনের সবচেয়ে বড় বিপদ। বললেন, ‘সর্বনাশ হয়ে গেছে।’ ‘আমার, না আপনার?’ ‘কাগজের! এরপর লোকে আমাদের বিশ্বাস করবে?’ ‘আমার জীবনটারও তো একটা দাম ছিল, বিশ্বম্ভরবাবু।’ তিনি জানালেন, পাশের ব্লকের অনিরুদ্ধ পাল নামে এক প্রবীণ রাজনৈতিক কর্মী মারা গেছেন। একই নাম দেখে কম্পিউটার চালানো ছেলেটি ফেসবুক থেকে আমার ছবি তুলে দিয়েছে। পুরনো কয়েকটি স্মরণসংখ্যা কেটে-ছেঁটে সে লেখাটাও বানিয়েছে। বললাম, ‘পরের সংখ্যায় ভুলটা শুধরে দেবেন।’ ‘দেব। নিশ্চয়ই দেব। তবে আজ বিকেলে অফিসে এসো। সামনাসামনি কথা বলব।’ ফোন রাখতেই উঠোনে কান্নার শব্দ শুনলাম। প্রতিবেশী রেবা কাকিমা ছুটে আসছেন। তাঁর পিছনে আরও দুজন মহিলা। দরজায় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি চিৎকার করে উঠলেন— ‘ও মা গো!’ বললাম, ‘ভয় পাবেন না। কাগজ ভুল লিখেছে।’ তিনি বুকের উপর হাত রেখে কিছুক্ষণ হাঁপালেন। তারপর মাকে বললেন, ‘আমি জানতাম, মানুষটা এত ভালো—এভাবে চলে যেতে পারে না।’ জীবিত অবস্থায় রেবা কাকিমা আমাকে ‘অপয়া’ বলতেন। একদিন তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কালো বিড়াল রাস্তা কেটেছিল। বিড়ালটিকে ধরতে না পেরে তিনি আমার ঘাড়ে দোষ চাপিয়েছিলেন। পনেরো মিনিটের মধ্যে উঠোনে ভিড় জমল। কেউ আমার হাত ছুঁয়ে দেখল, কেউ বুকে হাত রেখে ধুকপুকুনি খুঁজল। নিতাইদা বলল, ‘জীবিত অবস্থায় মৃত্যুসংবাদ বেরোনো ভালো লক্ষণ নয়।’ ‘মরে যাওয়ার পরে বেরোলে ভালো হত?’ নিতাইদা রসিকতা বুঝল না। বলল, ‘একজন জ্যোতিষীকে দেখাও।’ পাড়ার ক্লাবের সম্পাদক বাবাই সবার শেষে এল। আমার দিকে না তাকিয়ে মাকে বলল, ‘কাকিমা, চিন্তা করবেন না। আমরা পাশে আছি।’ বললাম, ‘আমি এ-পাশেই দাঁড়িয়ে আছি।’ বাবাই এবার আমার দিকে তাকাল। তার মুখে স্বস্তির চেয়ে হতাশা বেশি। সকালেই সে ক্লাবের ফেসবুক পেজে আমার ছবির উপর রজনীগন্ধার মালা বসিয়ে পোস্ট করেছে—“তোমার মৃত্যুতে আমরা শোকাহত।” চল্লিশ মিনিটে একশো সাতাশটি প্রতিক্রিয়া এসেছে। ক্লাবের পেজে এত সাড়া আগে শুধু বিরিয়ানি বিতরণের সময় উঠেছিল। বাবাই বলল, ‘পোস্টটা মুছে দিচ্ছি।’ ‘থাক।’ ‘কেন?’ ‘জীবনে প্রথম মালা পেয়েছি। ঘণ্টাখানেক থাক।’ দুপুরের মধ্যে আমার মৃত্যুসংবাদ সাতটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘুরে ফেলল। যারা আমাকে কোনোদিন ফোন করেনি, তারা মাকে ফোন করে জানতে চাইল—শেষ মুহূর্তে আমি কিছু বলে গেছি কি না। মা বিরক্ত হয়ে একজনকে বলল, ‘বলে গেছে, দুপুরে মাছের ঝোলে নুন কম দিতে।’ বিকেল তিনটেয় বাবাই আবার এল। ‘অনিরুদ্ধদা, একটা সমস্যা হয়েছে।’ ‘আবার মরেছি?’ ‘আজ সন্ধ্যায় ক্লাব তোমার স্মরণসভা ডেকেছে।’ ‘আমি তো বেঁচে আছি।’ ‘জানি। কিন্তু আমরা হল নিয়েছি, মাইকওয়ালাকে টাকা দিয়েছি, পোস্টারও ছাপিয়েছি। প্রধান অতিথিও রাজি।’ ‘তা হলে?’ ‘তুমি সন্ধ্যাটা বাড়িতে থাকো। কাল আমরা ভুলটা জানিয়ে দেব।’ ‘আমার স্মরণসভায় আমিই যেতে পারব না?’ ‘তুমি গেলে লোকে হাসবে।’ ‘না গেলে?’ ‘অনুষ্ঠানটা সম্মানের সঙ্গে শেষ হবে।’ ‘আমার সম্মান বাঁচাতে আমাকে লুকিয়ে থাকতে হবে?’ বাবাই দীর্ঘশ্বাস ফেলল। ‘তুমি শুধু নিজের দিকটা ভাবছ, অনিরুদ্ধদা।’ নিজের মৃত্যুসংবাদ আর কার দিক থেকে ভাবতে হয়, বুঝলাম না। সন্ধ্যা ছ’টায় মাথায় হনুমানটুপি আর গায়ে বাবার পুরনো চাদর জড়িয়ে নিজের স্মরণসভায় গেলাম। হলটির নাম ‘জনকল্যাণ ভবন’। যে দাতব্য চিকিৎসালয়ের জন্য পঞ্চায়েত ভবনটি বানিয়েছিল, সেটি বারো বছর আগে দরজা বন্ধ করেছে। এখন সেখানে বিয়ে, অন্নপ্রাশন, রাজনৈতিক সভা, যোগব্যায়াম এবং মৃত মানুষের স্মরণসভা বসে। মঞ্চের মাঝখানে আমার বড় ছবি। ফ্রেমে রজনীগন্ধার মালা। নীচে ধূপ জ্বলছে। ধোঁয়া মাঝে মাঝে ছবির চোখদুটো ঢেকে দিচ্ছে। জীবনে কেউ আমার মুখের দিকে ভালো করে তাকায়নি। মরার খবর শুনেই সবাই সেই মুখ বড় করে মঞ্চে তুলে দিয়েছে। পিছনের সারিতে বসলাম। সভাপতি আমার সম্পর্কে বলতে উঠে প্রথমেই নাম ভুল করলেন। ‘প্রয়াত অনির্বাণবাবু—’ বাবাই পাশ থেকে শুধরে দিল, ‘অনিরুদ্ধ।’ সভাপতি বললেন, ‘হ্যাঁ, প্রয়াত অনিরুদ্ধবাবুর সঙ্গে আমার দীর্ঘ চল্লিশ বছরের পরিচয়।’ তাঁর সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল গত বছর। পঞ্চায়েতের স্মরণিকায় তাঁর লেখা ‘উন্নয়ণ’ শব্দটি কেটে আমি ‘উন্নয়ন’ লিখেছিলাম। তিনি ফোন করে জানতে চেয়েছিলেন, তাঁর লেখায় হাত দেওয়ার অধিকার আমাকে কে দিয়েছে। আজ তিনি বললেন, ‘মানুষটি ছিলেন আমার অন্তরঙ্গ বন্ধু।’ তারপর কবি নীলোৎপল মাইতি ঘোষণা করলেন, বাংলা কবিতা আমার মৃত্যুতে একটি শক্তিশালী কণ্ঠ হারাল। তিনি আমার অপ্রকাশিত পাণ্ডুলিপি উদ্ধার করে ছাপানোর দাবিও তুললেন। পাশের লোকটি ফিসফিস করে জিজ্ঞেস করল, ‘ওঁর কবিতা পড়েছেন?’
