Uncategorized

মিহি ভূতের কাণ্ড ও সোনাপুর গ্রামের গল্প

মিহি ভূতের কাণ্ড ও সোনাপুর গ্রামের গল্প অভিজিৎ বন্দ্যোপাধ্যায়   সোনাপুর গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল পুরনো বটগাছ ছিল। সেই গাছের মগডালে বাস করত এক অদ্ভুত ভূত। তার নাম মিহি ভূত। নামটা মিহি হওয়ার পেছনে অবশ্য একটা মজার কারণ ছিল। ভূতসমাজে সবাই যেখানে গমগমে গলায় “হাঁউ মাঁউ খাঁউ” করে মানুষকে ভয় দেখায়, মিহি ভূতের গলা ছিল একদম রেশমি সুতার মতো চিকন আর মিষ্টি। সে যখন কাউকে ভয় দেখানোর জন্য “ভৌ!” বলে চিৎকার করত, তখন সেটা শুনতে লাগত ঠিক যেন ছোট্ট বিড়ালছানা মিউ করে ডাকছে! তাছাড়া তার চেহারাও ছিল বাতাসের মতো হালকা আর স্বচ্ছ। চাঁদের আলো পড়লে তাকে মনে হতো এক টুকরো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এই নিয়ে মিহি ভূতের মনে বড় দুঃখ। ভূতসমাজের সর্দার ‘দাদু ভূত’ একদিন তাকে ডেকে বললেন, “শোনো মিহি, আজ অমাবস্যার রাত। আজ যদি তুমি অন্তত একজন মানুষকেও ভয় দেখাতে না পারো, তবে তোমাকে ভূতসমাজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে।” মিহি ভূত তো মহা চিন্তায় পড়ে গেল। রাত ঠিক বারোটায় সে বটগাছ থেকে নেমে গ্রামের মেঠো পথের ধারে লুকিয়ে রইল। এমন সময় সেই পথ দিয়ে লণ্ঠন হাতে হেঁটে আসছিল গ্রামের ছোট্ট ছেলে টুটুল। টুটুল তার দাদুর জন্য ওষুধ নিয়ে ফিরছিল। মিহি ভূত টুটুলের ঠিক সামনে এসে দাঁড়াল। হাত-পা ছড়িয়ে, চোখ বড় বড় করে তার সবচেয়ে ভয়ংকর গলায় বলে উঠল, “হু-উ-উ! আমি তোমাকে খাব!” কিন্তু আওয়াজটা বেরোল একদম রিনরিনে বাঁশির সুরের মতো। টুটুল ভয় পাওয়া তো দূরের কথা, হেসে ফেলে বলল, “আরে! তুমি তো ভারী মিষ্টি দেখতে! একদম তুলোর পুতুলের মতো। তোমার গলাটাও তো খুব সুন্দর। তুমি কি হারিয়ে গেছ?” মিহি ভূত থতমত খেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, “আমি হারাইনি, আমি ভূত! তোমাকে ভয় দেখাচ্ছি। তুমি ভয় পাচ্ছ না কেন?” টুটুল হো হো করে হেসে উঠল। “তুমি ভূত? ধুর! ভূত কি এত মিষ্টি হয় নাকি? ভয় দেখাতে না পারো তো কী হয়েছে, তুমি আমার বন্ধু হও।” মিহি ভূত বুঝল, তাকে দিয়ে মানুষকে ভয় দেখানো সম্ভব নয়। সে টুটুলের বন্ধুত্ব মেনে নিল। কিন্তু আসল ঘটনা ঘটল কয়েকদিন পর, এক ঝড়ের রাতে। সেদিন রাতের অন্ধকারে সোনাপুর গ্রামে একদল ডাকাত হানা দিল। গ্রামের মোড়ল হরিপদ বাবুর বাড়ির সিন্দুক লুট করার ফন্দি এঁটেছিল তারা। গ্রামের সবাই তখন গভীর ঘুমে অচেতন। বটগাছের মগডাল থেকে মিহি ভূত সব দেখতে পেল। সে ভাবল, “টুটুল আর ওর গ্রামের মানুষদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না!” মিহি ভূত বাতাসের মতো হালকা হয়ে সোজা উড়ে গেল ডাকাত দলের সামনে। ডাকাত সর্দার তখন মোড়ল বাড়ির দরজা ভাঙার চেষ্টা করছিল। হঠাৎ তাদের চোখের সামনে এক টুকরো সাদা মেঘের মতো আবছা ছায়া ভেসে উঠল। মিহি ভূত তার মিষ্টি গলায় বলে উঠল, “খবরদার! এক পা এগোলে সব কটাকে উড়িয়ে দেব!” প্রথমে ডাকাতরা গলা শুনে একটু অবাক হলো। কিন্তু পরক্ষণেই যখন দেখল শূন্যে ভাসমান এক অদ্ভুত ছায়া তাদের হাতের লাঠি আর মশালগুলো বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তখন তাদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হলো! মিহি ভূত তার সূক্ষ্ম শরীর নিয়ে ডাকাতদের কানের কাছে গিয়ে ফিসফিস করতে লাগল, আর গাছের ডালপালা নাড়িয়ে এমন ভুতুড়ে পরিবেশ তৈরি করল যে ডাকাতরা “ওরে বাবা রে, মেছো ভূত না মিহি ভূত রে!” বলে চিৎকার করে প্রাণভয়ে গ্রাম ছেড়ে পালাল। ডাকাতদের চিৎকারে গ্রামের মোড়ল হরিপদ বাবু, স্কুলমাস্টার রতন বাবু, টুটুলের বাবা-মা সহ গ্রামের সব মানুষ লাঠিসোঁটা ও লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে এল। টুটুল সব বুঝতে পেরে গ্রামের সবাইকে মিহি ভূতের কথা খুলে বলল। প্রথমে গ্রামের বড়রা একটু ভয় পেলেও, টুটুলের কথায় ভরসা পেল। চাঁদের আলোয় বটগাছের নিচে নেমে এল মিহি ভূত। মোড়ল হরিপদ বাবু হাত জোড় করে বললেন, “তুমি আমাদের গ্রামের মান আর সম্পদ বাঁচিয়েছ ভাই। আজ থেকে তুমিও আমাদের এই সোনাপুর গ্রামেরই একজন।” সেই দিন থেকে সোনাপুর গ্রামের চেহারাই বদলে গেল। মিহি ভূত এখন আর একা থাকে না। বিকেল হলেই গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বটতলায় গিয়ে মিহি ভূতের সাথে লুকোচুরি খেলে। রাতের বেলা গ্রামের চৌকিদার যখন পাহারা দেয়, মিহি ভূত তার সাথে গল্প করতে করতে হাঁটে। আর কারো বাড়িতে কোনো বিপদ এলে মিহি ভূত সবার আগে গিয়ে খবর দেয়। ভূতসমাজের সর্দার ‘দাদু ভূত’ও মিহি ভূতের এই বুদ্ধির কথা শুনে ভীষণ খুশি হলেন। ভয় দেখিয়ে নয়, বরং ভালোবাসা আর সাহস দিয়ে মিহি ভূত জয় করে নিল পুরো সোনাপুর গ্রামের মানুষের মন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ভাষাপথের সম্পাদক এবং সব রকম লেখার সাথে যুক্ত ৷ বর্তমানের ভাষাপথ বিষয় ভিত্তিক সংখ্যা করছে ৷ বাসভূমি কালনা ৷ পেশা শিক্ষকতা ৷

মিহি ভূতের কাণ্ড ও সোনাপুর গ্রামের গল্প Read More »

সে ছিল

সে ছিল সোমনাথ ব্যানার্জী   রাত তখন প্রায় দশটা। হঠাৎ দরজায় নক। এত রাতে কে, এই ভেবে রজত দরজা খুলতে গেল। খুলতেই দেখল—একটা ছেলে সিঁড়ির ধাপে বসে আছে। বাম পা থেকে রক্ত গড়াচ্ছে, কপালের একদিক ছিঁড়ে আছে। মুখটা ফ্যাকাশে, চোখদুটো যেন অন্য কোথাও হারিয়ে আছে। ছেলেটি ক্লান্ত গলায় বলল, “কাকু… একটু ফার্স্ট এইড পাওয়া যাবে? রক্ত পড়েই যাচ্ছে।” রজতের স্ত্রী স্নিগ্ধাও ততক্ষণে এসে দাঁড়িয়েছে। রজত বলল, “স্নিগ্ধা, ফার্স্ট এইড বক্সটা আনো তো।” স্নিগ্ধা একটু দ্বিধা করে ভিতরে গেল। রজত ছেলেটিকে জিজ্ঞেস করল, “কে তুমি? এত রাতে এ অবস্থায়?” “আমি রক্তিম। জিটি রোড দিয়ে ফিরছিলাম। একটা কুকুর হঠাৎ সামনে এসে পড়ায় ব্যালেন্স হারালাম। ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়েছি। বাইকটা… আর চলবে না মনে হয়।” রজত বলল, “ভেতরে এসো। বাইরে বসে থেকো না।” স্নিগ্ধা বক্স হাতে এসে বিরক্ত গলায় বলল, “এত রাতে অপরিচিত কাউকে বাড়িতে ঢোকাচ্ছো? আমাদের মেয়ে আছে জানো তো।” রজত একটু কড়া হয়ে বলল, “দেখছ না কী অবস্থা? চুপ করে বক্সটা দাও।” ঠিক তখন ঘর থেকে তৃণার গলা ভেসে এল, “মা, খেতে দাও না গো…” কথা বলতে বলতে সে দরজার কাছে এসে থমকে গেল। “রক্তিম…? তুই?” রক্তিম মাথা তুলে তাকাল। চোখে একটা অদ্ভুত স্বস্তি ফুটে উঠল। “তৃণা…” রজত অবাক হয়ে বলল, “চেনা মানুষ নাকি?” তৃণা দ্রুত এগিয়ে এসে বলল, “কলেজের বন্ধু। একি অবস্থা তোর। ওঠ দেখি, ভিতরে আয়।” স্নিগ্ধা আরও কিছু বলতে গিয়েও থেমে গেল।  রক্তিম নিজে কষ্ট করে উঠতে চেয়ে বলল,” আমি পারবো। অতটাও তেমন হয়নি। ফার্স্ট এইড করতে করতে তৃণা জিজ্ঞেস করল, “এত রাতে কোথায় যাচ্ছিলিস?” রক্তিম হালকা হাসল। “ওসব থাক। তোর কি খবর? কেমন আছিস? কলেজের পর আর তো এই প্রথম দেখা।” “এই আছি। একটা কলেজে পড়াই এখন।” “টিচার হয়ে গেলি তো। সাবাশ।” তৃণা একটু চুপ করে থেকে বলল, “তুই কোথায় ছিলিস এতদিন? রিইউনিয়নে আসলি না। ফোনের রিপ্লাইও দিস না। সবাই বলত… আমি তোকে না বলেছিলাম বলে আর মুখ দেখাস না।” রক্তিম মৃদু হাসল। “এসব ছোট খাটো বিষয় নিয়ে মাথা ঘামায় এখনো? যাক গে, আমি আর কি করি বল। বেকার মানুষের আর কী গতি। যেখানে যাই, প্রথম প্রশ্ন—এখন কী করছ? তাই আর যাই না কোথাও।”  তৃণা কিছু বলতে গিয়েও থেমে গেল। রক্তিমের চোখে একটা গভীর ক্লান্তি ছিল, যা আগের চেনা রক্তিমের মতো নয়।  খাবার টেবিলে রজত জোর করেই রক্তিমকে বসাল। “আজ রাতটা থেকে যা। বাইক তো নষ্ট। কাল সকালে দেখা যাবে।” রক্তিম আপত্তি করতে গিয়েও শেষ পর্যন্ত রাজি হল। রক্তিম কে একটা ঘর দেখিয়ে দিল তৃণা। তারপর, বলল,” তুই রেস্ট নে। কিছু দরকার পড়লে বলিস।” রাত গভীর হয়ে এলে তৃণা নিজের ঘর থেকে বেরিয়ে রক্তিমের দরজায় এসে দাঁড়াল। দরজা খোলাই ছিল। ভিতরে ঢুকে দেখল রক্তিম জানালার পাশে বসে আছে। “ঘুমোসনি?” তৃণা আস্তে বলল। রক্তিম পেছন ফিরে হাসল। “ তোর অপেক্ষাই করছিলাম।” তৃণা দরজার কাছেই দাঁড়িয়ে রইল। “মজা করছিস?”  “একটু হয়তো। আয়, বস না, যদি অসুবিধা না থাকে।” তৃণা এসে বসল। একটু চুপ থাকার পর রক্তিম বলল, “বিয়ে করলি না এখনো?” তৃণা হাসল। “পছন্দ হয় না কাউকে।” “জানি। তোর পছন্দ সহজে হয় না।”  রক্তিম তরপর তাকিয়ে বলল, “আমাকেও তো একসময় পছন্দ হয়নি।” তৃণা মাথা নিচু করল। “সেসব পুরনো কথা।” আবার জানালার দিকে মুখ ফিরিয়ে বলল,”“হ্যাঁ।ঠিক বলেছিস, পুরনো।আর মরীচিকার পেছনে দৌড়োব না। ক্লান্ত হয়ে গেছি।” তৃণা বলল,” ভালো লাগা কি জোর করে হয়, বল?” “ তাই, ঠিক বলেছিস। আচ্ছা, তুই কি কিছু বলবি? মনে হচ্ছে, কিছু একটা বলতে চাইছিস।   তৃণা হঠাৎ বলল, “আমার একটা সমস্যা হয়েছে ইদানিং।” রক্তিম তার দিকে ফিরল। “কিছুদিন ধরে কয়েকটা ছেলে রাত্রে আমার জানালার সামনে এসে দাঁড়ায়। নোংরা কথা বলে। মেসেজ করে। ব্লক করলে অন্য নম্বর থেকে আসে।” “বাবাকে বললি?” “না। মা জানলে আর বাইরে যেতেই দেবে না। বিয়ে না করায় এমনিতেই রাগ করে আছে।” রক্তিম উঠে দাঁড়াল। “চল, তাহলে দেখি।  তোর ঘরে যাই।” দুজনে অন্ধকার ঘরে জানালার পাশে বসল। রক্তিম বলল,” কখন আসে?” “সময় হয়ে গেছে…” বলতে বলতেই হঠাৎ একটা নুড়ি কাঁচের গায়ে বাজল। তৃণা ভয়ে রক্তিমের হাত চেপে ধরল। বাইরে তিনজন ছেলে দাঁড়িয়ে। একজন বলল, “ও টিচার, আমাদেরও একটু পড়াও না গো…” আরেকজন হাসতে হাসতে বলল, “একা একা কতদিন? দরজা খুলে দাও।” তৃণার শরীর কাঁপছিল। রক্তিম তার হাত ছেড়ে উঠে দাঁড়াল। “এখানে থাক। আমি যাচ্ছি।” “না… ওদের কাছে অস্ত্র থাকতে পারে।” রক্তিম শুধু একটা ম্লান হাসি হেসে বলল,“ভয় পাস না।এসব আমার আর কিচ্ছু করতে পারবে না।” সে বেরিয়ে গেল। তৃণা জানালার কাছে  দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বাইরে তীব্র চিৎকার উঠল। কেউ কেঁদে বলছে, “না… আর আসব না… ছেড়ে দাও!” তারপর সব চুপ। দরজা খুলে রক্তিম ঢুকতেই তৃণা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, “তুই আজ যা করলি, আমি কি করে যে তোকে…..?” রক্তিম তার মাথায় হাত বুলিয়ে বলল, “চল, বস।” দুজনে বিছানায় বসল। তৃণা চোখ মুছতে মুছতে বলল, “সেদিন কলেজে তোকে না বলেছিলাম… সাথে হেসেছিলামও। সরি।” রক্তিম মাথা নাড়ল। “ওটা আমার ইনফ্যাচুয়েশন ছিল। তোর কোনো দোষ নেই। না বলার অধিকার তোর ছিল।” তৃণা রক্তিমের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ আস্ত আস্তে এগিয়ে গেল। কিন্তু রক্তিম একটু শক্ত হয়ে গেল, সে উঠে অন্য দিকে চলে গেল। তৃণা বলল,” খুব দেরি হয়ে গেল?” রক্তিম বলল,” সামনের দিকে এগিয়ে যা। আমি past। আমার মধ্যে বর্তমানে এসব থেকে অনেক এগিয়ে গেছি।  নতুন জীবনের দিকে এগো। এখন পিছু ফেরা টা বোকামো।”  তৃণা একটু লজ্জায় পড়ল। রক্তিম এবার তার কাছে এসে তার একটা হাতে হাত রেখে বলল,” তোকে লজ্জিত করার অভিপ্রায় আমার ছিল না। কিন্তু সাময়িক ইমোশান কে প্রাধান্য দেওয়ার কোনো মানে নেই। আর এটা তুই কদিনের মধ্যেই বুঝতে পারবি। এসব ছাড়, তারপর বল কলেজের ঐ বিষয় টা কি হয়েছিল?”  পরে আর কতক্ষন কথা হল তৃণার মনে নেই। সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল।   সকালে রজতের গলায় তৃণার ঘুম ভাঙল। “তৃণা ওঠ… বেলা হয়ে গেছে।” তৃণা চমকে উঠে পড়ল। তারপর,  তাড়াতাড়ি রক্তিমের ঘরে গেল। রজত পথেই বলে দিল, “ও তো ভোরেই চলে গেছে। আমাকে শুধু বলল—‘কাকু, চললাম’—তারপর দরজা বন্ধ করে দিল। বাইরে আর দেখতেই পেলাম না।” তৃণা ঘরে ঢুকে বালিশের নিচে একটা ভাঁজ করা কাগজ পেল। “চললাম। কিছু মনে করিস না। পরে বুঝতে পারবি। ভয় পেয়ে পিছিয়ে যাস না। আমি যেখানে চলে গেছি, সেখান থেকে আর ফেরা যায় না। তুই যেটা ভাবছিস, সেটা সম্ভব নয় আর। বন্ধু হিসেবেই না হয় রয়ে গেলাম।    তৃণার চোখ দিয়ে জল গড়িয়ে কাগজ ভিজে গেল। সেদিন বিকেলে ট্রেনে কলেজের এক পুরনো বন্ধুর সাথে দেখা। নামার সময় সে বলল, “ ওহ,একটা খবর শুনেছিস নাকি? রক্তিম… সেই আমাদের কলেজে পড়তো। গতপরশু অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাইকে ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে। স্পট ডেথ।” ট্রেন ছেড়ে

সে ছিল Read More »

ক্লাস ঘরের সবুজ জানালা

ক্লাস ঘরের সবুজ জানালা অভিপ্রিয়া বন্দ্যোপাধ্যায়   স্কুলে ঠিকমতন পৌঁছানো একটা বিরাট ঝক্কমাড়ি। কেন যে, বাবা, স্কুলে ভর্তি হলাম? কে জানে? অবশ্য আমি কি ভর্তি হবো, আমাকে তো ভর্তি করে দিয়েছে। তখন যদি জানতাম স্কুলের এত জ্বালা, তাহলে আর বাড়িতেই থাকতাম না, পালিয়ে যেতাম। মাঝে মাঝে মনে হয়, কবে যে বড় হবো। স্কুল জীবন থেকে পালিয়ে বাঁচবো সেদিন। অঙ্ক থেকে বাঁচবো। ইতিহাসের স্যারের পড়া থেকে বাঁচবো। গাদা গাদা লেখা থেকে বাঁচবো, না বোঝা ইংরেজির পাতাগুলো মাঝে মাঝে মাথা ধরায়। কেন ইংরেজি শিখব? কী হবে? ইংরেজিতে কথা বলার জন্য এত কষ্ট করতে হবে? ওই সাহেবরা কি এভাবে ইংরেজি শিখেছে? ধুর, সব মাথা নষ্ট করে দেয়। ভালো লাগে না। সকালে একটু ঘুমাবো-এইটুকুনি তো চাওয়া জীবনে। আটটার সময় উঠেছি তো কী হয়েছে? মাটা কেমন বদরাগী, ঝগড়ুটি হয়ে যাচ্ছে। আগে মাকে ভালোবাসতাম। এখন আর ভালো লাগে না। একটা কাপড়ই রয়ে গেছে। হাতের দাগ, হলুদ নখগুলো ক্ষয়ে যাচ্ছে। আরে, নিজের সাজের দিকে মন দাও। আমার দিকে এত নজর কেন? আমারও তো সাজের জিনিস খুব একটা নেই। সেগুলো কিনে দাও। তা না করে শুধু পড়ো, পড়ো। এই হতে হবে, সেই হতে হবে। আরে, শেষ পর্যন্ত তো বিয়ে দিয়ে দেবে। ওইসব না করে বরং টাকা জমাও। আমার বিয়েতে তোমাদের কাজে লাগবে। টামাটা সুমনা করলো। গতকালকে এসে বলে গেলো, ওই যে বিটকেল স্যারটা আছে না? ও নাকি প্রজেক্ট লেখাবে। আরে সাদা, তার জন্য স্কুল যেতে হবে। ফার্স্ট সেমিস্টার তো হয়ে গেছে। সেকেন্ড সেমিস্টারে একটু আরাম করব, তাই না? একটু রিল্যাক্স করব। এখন একটু বড় বড় হয়ে গেছি। ছোট ছেলেমেয়েগুলো এখন দিদিদি বলে। ধুর, যত সব। ওই ব্যাটা স্যারটাকে একদম পছন্দ হয় না গো। উঠে যখন পড়েছি, তখন তো রেডি হতে হবে। সুমনাকে বলেছি, প্রজেক্টের খাতা করে নিয়ে আসতে। ওই করবে। আরে যা, টাকা লাগবে দিয়ে দেব। অসুবিধা কী আছে? ওই তো কটা লেখা। তারপর ওই প্রজেক্ট নিয়ে কী হবে? ২০ নম্বর নাকি স্যারদের হাতে আছে। আরে, স্যারদের হাতে আছে কী? ওই প্রজেক্টের নম্বর না দিলে অন্য স্কুলে ভর্তি হবো। সব জানে। ওই তো, গত বছর পারমিতা, পৌলমী, অদ্রিজা-কেউ প্রজেক্ট দেয়নি। ওরা খারাপ মেয়ে ছিল নাকি? বাধ্য হলো। ডেকে ডেকে যখন হয়রান হয়ে গেল, কুড়িতে কুড়ি দিয়ে দিল। সময় নষ্ট করা আমি করব না। তোর সুমনা তোর খুব পাকামো হয়েছে। পাকামি কর। নিজেরটা করেছিস, ভালো করে গুছিয়ে করেছিস আবার। আমারটাও করে দি। করে যদি না আসিস, নিয়ে আসিস। তোর কপালে দুঃখ আছে। কালকে আমার বাড়িতে কান ভেঙে গেছিস সবার। আজকে স্কুলে যেতেই হবে। বিড়বিড় করতে করতে ইউনিফর্মটা গলিয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা কোনোমতে দুটো বিনুনি করে বেঁধে নিলাম। মা রান্নাঘর থেকে তখনও চিৎকার করে যাচ্ছে, “কী রে, হলো তোর? এবার কি পালকি পাঠাব?” দাঁতে দাঁত চেপে ব্যাগটা কাঁধে তুললাম। টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়েই এক ছুটে রাস্তায় বেরিয়ে এলাম। সুমনা মোড়ের মাথায় দাঁড়িয়ে ছিল। আমাকে দেখেই একগাল হেসে বলল, “কী রে, আজ তো দেখি সূর্য পশ্চিম দিকে উঠেছে!” “একদম ফাজলামি করবি না,” আমি চোখ পাকিয়ে বললাম, “আগে বল, আমার প্রজেক্টের খাতাটা এনেছিস?” সুমনা ব্যাগ থেকে একটা মলাট দেওয়া সুন্দর খাতা বের করে আমার হাতে দিল। “এই নে, একদম চকচকে করে লিখে এনেছি। শুধু তোর নাম আর রোল নম্বরটা লিখে নিস।” খাতাটা হাতে নিয়ে মনটা এক নিমেষে ফুরফুরে হয়ে গেল। যাক, আজ অন্তত ওই বিটকেল স্যারের হাত থেকে বাঁচা গেল! দুজনে গল্প করতে করতে স্কুলের গেটে ঢুকলাম। প্রার্থনার লাইন সবে ভেঙেছে। আমরা তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে দোতলায় আমাদের ক্লাসঘরে ঢুকে পড়লাম। আমাদের বসার জায়গাটা একদম জানালার ধারে। ক্লাসঘরের এই সবুজ রঙের কাঠের জানালাটা আমার বড্ড প্রিয়। জানালার পাল্লাটা হাট করে খোলা। বাইরে তাকালেই চোখে পড়ে স্কুলের বিশাল মাঠ, তার ওপাশে সারি সারি দেবদারু গাছ আর নীল আকাশ। যখনই ক্লাসে পড়ার চাপ বাড়ে, অঙ্কের জটিল সূত্র মাথায় ঢোকে না, কিংবা ইতিহাসের সাল-তারিখ গুলিয়ে যায়, আমি চুপ করে এই সবুজ জানালার বাইরে তাকিয়ে থাকি। মনে হয়, ওই যে পাখিগুলো ডানা মেলে উড়ছে, ওদের কোনো প্রজেক্ট নেই, কোনো সেমিস্টার নেই। ইস! আমিও যদি ওদের মতো হতে পারতাম! হঠাৎ ক্লাসঘরে পিনপতন নীরবতা নেমে এল। বুঝলাম, সেই বিটকেল স্যার-অর্থাৎ আমাদের বাংলা ও প্রজেক্টের শিক্ষক অনির্বাণ স্যার ক্লাসে ঢুকেছেন। স্যারের হাতে একগোছা খাতা। “সবাই নিজের নিজের প্রজেক্টের খাতা বের করো,” স্যারের গম্ভীর গলা শোনা গেল। আমি বেশ নিশ্চিন্ত মনে সুমনার তৈরি করা খাতাটা বেঞ্চের ওপর রাখলাম। স্যার এক এক করে সবার খাতা দেখছেন আর সই করছেন। আমার বেঞ্চের কাছে এসে স্যার থামলেন। খাতাটা হাতে নিয়ে পাতা ওল্টালেন। তারপর একবার সুমনার খাতার দিকে তাকালেন, আবার আমার খাতার দিকে তাকালেন। আমার বুকটা ধক করে উঠল। স্যার চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, “বাহ! হাতের লেখা তো বেশ সুন্দর হয়েছে। কিন্তু একটা মজার ব্যাপার কী জানো? তোমার আর সুমনার হাতের লেখা হুবহু এক! এমনকি বানান ভুলগুলোও একই জায়গায়।” পুরো ক্লাস ফিক করে হেসে উঠল। লজ্জায় আমার কান দুটো গরম হয়ে গেল। মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইলাম। সুমনাও ভয়ে ভয়ে আমার দিকে তাকাচ্ছে। ভেবেছিলাম স্যার এবার প্রচণ্ড বকাবকি করবেন, খাতাটা ছুড়ে ফেলে দেবেন, কিংবা কুড়িতে শূন্য বসিয়ে দেবেন। কিন্তু স্যার কিছুই করলেন না। খাতাটা আমার বেঞ্চে নামিয়ে রেখে বললেন, “জানো তো, এই যে তোমাদের ক্লাসঘরের সবুজ জানালাটা, এর ওপাশে কিন্তু একটা বিশাল পৃথিবী আছে। সেখানে কেউ তোমার হয়ে পরীক্ষা দেবে না, কেউ তোমার হয়ে পথ চলবে না। আজ তুমি প্রজেক্ট ফাঁকি দিলে, নম্বরও হয়তো পেয়ে যাবে। কিন্তু নিজের ওপর বিশ্বাসটা হারাবে। নিজের হাতে তৈরি করা একটা সামান্য জিনিসের আনন্দ যে কতটা, তা তুমি জানলে না।” স্যার চলে গেলেন পরের বেঞ্চে। আমি চুপ করে বসে রইলাম। স্যারের কথাগুলো কেন জানি না বুকের ভেতর গিয়ে লাগল। যে স্যারকে এতক্ষণ ‘বিটকেল’ বলে গাল দিচ্ছিলাম, তাঁর বলা সহজ কথাগুলো আমাকে কেমন যেন ভাবিয়ে তুলল। আমি ধীরে ধীরে সবুজ জানালাটার দিকে তাকালাম। বাইরে রোদ ঝলমল করছে। বাতাসে দেবদারু গাছের পাতাগুলো দুলছে। হঠাৎ মনে হলো, জানালাটা যেন আর পালানোর পথ নয়, বরং বাইরের বড় পৃথিবীটাকে চেনার একটা মাধ্যম। পাশ থেকে সুমনা ফিসফিস করে বলল, “কী রে, মন খারাপ করিস না। স্যার তো নম্বর কাটেননি।” আমি খাতাটার দিকে তাকালাম। তারপর সুমনার দিকে তাকিয়ে একটু হেসে বললাম, “না রে, মন খারাপ করিনি। তবে পরের বারের প্রজেক্টটা আমি নিজেই লিখব। আর তুই আমাকে শুধু বানানগুলো একটু দেখিয়ে দিস, কেমন?” সুমনা অবাক হয়ে আমার দিকে তাকাল, তারপর হেসে মাথা নাড়ল। সবুজ জানালার ওপাশ থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে আমার মুখে লাগল। আজ প্রথমবার স্কুলটাকে আর জেলখানা বলে মনে হলো না। ইংরাজী দ্বিতীয় বর্ষের ছাত্রী ৷মাঝে মাঝে লেখা লিখি করে ৷ বাড়ি কালনা ৷

ক্লাস ঘরের সবুজ জানালা Read More »

দেবসেনাপতি

দেবসেনাপতি অনিল চক্রবর্তী   দেবসেনাপতি কার্ত্তিক নানা নামে নানা রূপে শুধুমাত্র ভারতেরই বিভিন্ন রাজ্যে নয় শ্রীলংকা, সিঙ্গাপুর,মরিশাস, মালয়েশিয়ার মতো ভিনদেশেও পূজিত হ’ন। পুরাণে কার্ত্তিক কে যুদ্ধের দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে। তাঁর বিভিন্ন রূপ, গুণ ও কর্মের জন্য তিনি ১০৮ টি নামে ভূষিত। স্কন্দ পূরাণ অনুসারে তার কয়েকটি বলা যেতে পারে —স্কন্দ, ষড়ানন, শিখিধ্বজ, বেলায়ুধ, বিশাখ, আগ্নিক, সুব্রম্ভণ্য, মহাসেন, মুরুগান, সর্বস্বামী প্রভৃতি। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা হ’ত। তিনি হলেন বিজয়ে-র দেবতা। তাঁর নাম অনুসারে উল্লিখিত বাঙলা মাসের সংক্রান্তিতে দেবতার পূজারম্ভ। ঘরের ছেলে বিচারে তাঁর পূজায় মাদুর, বালিশ, খেলনা, পুতুল অর্পণ করা হয়। হুগলী জেলার বাঁশবেড়িয়া ও পূর্ব বর্ধমানের কাটোয়া কার্ত্তিক পূজার জন্য খ্যাত। খোকা, ধুমো, জামাই, জ্যাংড়া প্রভৃতি নাম বাঁশবেড়িয়ার কার্ত্তিক-এর। বারবনিতার হাত ধরে কাটোয়ার কার্ত্তিক পূজার সূচনা। কার্ত্তিক- লড়াই এখানের বৈশিষ্ট্য। উত্তর ভারতে মহা-সেন ও কুমার নামে এবং দক্ষিণ ভারতে প্রধানত: তামিলনাড়ু ও অন্যত্র মুরুগান নামে দেবসেনাপতি পূজিত হয়ে থাকেন। তামিল বিশ্বাসানুযা-য়ী দেবতা মুরুগানই তামিল দেশের রক্ষক। ছ’টি প্রসিদ্ধ কার্ত্তিক মন্দির আছে ঐ রাজ্যে। তাকে সাধারণত চিরযৌবনপ্রাপ্ত যুবক হিসাবে কল্পনা করে’ মূর্তি বানানো হয়, চোখে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় সংকল্প। হাতে শক্তি শূল, থাকে শিখী বা ময়ূর–তাঁর বাহন। পুরাণ বলে তারকা-সুর বধের জন্যই শিব-পার্বতীর পুত্র হিসাবে তাঁর জন্ম। দেবরাজ ইন্দ্র কন্যাদেবসেনা ও নম্বিরাজ কন্যা বল্লি কার্ত্তিকের স্ত্রী তবু তাকে চিরকুমার হিসাবে ধরা হয়। ধন পুত্র লাভের আশায় এনার পূজা। যেসব দম্পতির সন্তান হয়নি তাদের বাড়িতে কার্ত্তিক মূর্তি বসিয়ে আসা হয়। সাথে গৃহস্থেরপ্রতি একটি চিঠি। কৌমারম সম্প্রদায়- এর ইষ্ট দেবতা হ’লেন কার্ত্তিক।কার্ত্তিক পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বাংলার লোকাচার, বিশ্বাস, ঐতিহ্য আর আনন্দের মেল-বন্ধন। যদিও সব দেবতার পূজা পৃথকভাবেও হয় তথাপি মানুষ বলে থাকে কার্ত্তিক প্রসঙ্গেই—- কার্ত্তিক ঠাকুর হ্যাংলা একবার আসে মায়ের সাথে একবার আসে একলা। লেখক পরিচিতি — ঠিকানা কালনা , পূর্ব বর্ধমান ৷ অবসর প্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার ৷ একসময় ক্যুইজ প্রতিযোগিতা সঞ্চালনা করে এসেছেন একচেটিয়া ৷ পরে লেখালিখির সাথে যুক্ত হয়ে কবিতা গল্প ও প্রবন্ধ লিখতে শুরু করেন ৷ইতিমধ্যে তার দুটি বইও প্রকাশ পেয়েছে ৷

দেবসেনাপতি Read More »

পরাজয় সমস্যা নয়

পরীক্ষার্থীদের জন্য :: পরাজয় সমস্যা নয়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়   পরাজয় সমস্যা নয় — সমস্যা হল পরাজয়ের ভয়ে থেমে যাওয়া ৷ জিতবে সেই , যে এগিয়ে চলে এককথায় হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয় , পরাজয় মানেই ভয় পাওয়া নয় ৷ যেকোনো পরাজয় আসতেই পারে জীবনে তারপর নতুন পথ চলা শুরু হোক ৷ এক শিক্ষক ১০০ টাকার একটা নোট হাতে করে ক্লাসে এলেন। শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন, “এই টাকাটা আমি তোমাদের একজনকে দেবো, কে নিতে চাও?” তখন ক্লাসের সবাই হাত তুললো। শিক্ষক এবার নোটটাকে কয়েকবার ভাঁজ করে জিজ্ঞাসা করলেন, “এবার কে কে নিতে চাও?” এবারও সবাই হাত তুললো। শিক্ষক এবার নোটটাকে মাটিতে ফেললেন। জুতা দিয়ে মাড়িয়ে নোংরা করে তারপর উঠালেন। বললেন, “এবার কে নিতে চাও?” এবারও সবাই হাত তুলে রাখলো। তখন শিক্ষক বললেন, “আমাদের জীবনটাও এই ১০০ টাকার মত। জীবনে কখনো পড়ে যেতে হয়, কখনো মার খেতে হয়, আবার কখনো গায়ে কাদা লেগে যায়। কিন্তু এতে জীবনের কখনো মূল্য কমেনা। গল্পের থিম কি? জীবনের বিভিন্ন পর্যায়ে কখনো কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করবে। বাসে কারো সাথে ধাক্কা লাগলে দোষ দিয়ে চলে চলে যাবে। অফিসে ছোটখাট ভূলের জন্য বস দুটো বেশি কথা শোনাবে। তখন নিশ্চয়ই আপনার খারাপ লাগবে, মনে হবে আপনার কোনো ভ্যালু নেই। তাই সবার সামনে লজ্জা পাবেন, বিব্রত হবেন । কিন্তু এটা একেবারেই ভূল।মানুষের সাময়িক আচরণ আপনার জীবনকে প্রভাবিত করবে না। দুদিন পর ওই মানুষেরাই ভূলে যাবে আপনি কি করেছেন, তারা কি করেছে। আপনার যা ভ্যালু তা আপনারই থাকবে। বরং আপনি বিব্রত হয়ে নিজের ভ্যালু কমে গিয়েছে এটা সবাইকে দেখিয়ে দিচ্ছেন, আবার বিষয়টা মনে রেখে নিজের কষ্ট বাড়াচ্ছেন! অথচ আপনি কেয়ার না করলে আপনার মূল্য ওই ১০০ টাকার মতই অনঢ় থাকতো।কেন মানুষ অন্যকে অবমূল্যায়ন করে?মনে রাখবেন, আজকাল সবাই কমবেশি ফ্রাস্ট্রেশনে থাকে। ৩টি কারণে এমন হয়।• ছোটবেলা থেকে বিকাশ একইভাবে হয়না৷ সবাই সেন্সিবল ও কেয়ারিং বন্ধু বান্ধব পায়না• সব বাচ্চা গাইড করার মত পরিবার পায়না তাই দেখা যায় একসময় মানুষ ভূল কাউকে বিশ্বাস করে ধোকা খায়, জীবনমুখী শিক্ষার অভাবে ভদ্রতা কম দেখায়, অল্পতে অফেন্ডেড হয়। এর ফলে অল্পতে অন্যের উপর রিয়েক্ট করে।আপনার করণীয় কি?আপনাকে ধরে নিতে হবে আপনার অবজারভেশন সঠিক ছিলনা বলে কমুনিকেশনে ভূল হয়েছে, আপনি নিজেকে ঠিকমত প্রেজেন্ট করতে পারেননি। ওপাশের মানুষের ম্যানার, নলেজ, সবকিছুতে ভূল থাকতে পারে। আপনি সেটা ভেবে সাবধান হননি বলে ভূল করেছেন আর সে রিয়েক্ট করেছে। আমি এটা বলছি না যে কেউ অপমান করলে নির্লজ্জের মত সয়ে নিতে হবে, ডোন্ট কেয়ার ভাব দেখাতে হবে কিংবা ওই মোমেন্টে ঝগড়া করে যুক্তি দেখিয়ে তাদের সামনে নিজেকে প্রমাণ করতে হবে।আপনি শুধু নিজের ভারী একটা ব্যক্তিত্ব নিয়ে থাকবেন, সাহস নিয়ে স্বাভাবিক আচরণ করবেন, পরবর্তী কাজটা সঠিক ভাবে করবেন। মানুষ বুঝে নেবে কে এক্সাইটেড আর আর কে ওয়াইজ। তারা বুঝবে ভূল হলেও সেটা মিসটেকেনলি হয়েছে, আপনি ভূল ও করেন না, আর আপনার ভ্যালু ও কম না। নিজেকে নিজে দুর্বল না ভাবা………………………………………………………………..একবার এক কাপড় ব্যবসায়ী শহরের বাজারে কাপড় বিক্রি করে অনেক টাকা পয়সা নিয়ে আর সাথে মালবহনকারী গাধাটিকে নিয়ে ফিরছিলেন ৷ রাস্তায় গাধাটি হটাৎই একটি পুরানো কুয়োতে পড়ে যায় ৷ কুয়োতে জল ছিল না , অবর্জনায় ভর্ত্তি ছিল তবে যেহেতু বেশ গভীর ছিল তাই গাধার মালিক বেশ কিছুক্ষণ গাধাটাকে তোলার চেষ্টা করে শেষ পর্যন্ত আশা ছেড়ে দিল ৷পরীক্ষার খাতায় কী করবে ? নিজেকে নিয়ে ঠিক তুলনা নয় কিন্তু আশপাশের মানুষদের প্রতি লক্ষ্যও রেখো ৷ একদিনে এগিয়ে যেতে পারবে না একটু একটু করেই যেতে হয় ৷ এক লাফে পৌঁছানো যায় না সেক্ষেত্রে হোঁচট খাবার প্রবণতা থাকবেই ৷ তাই পরীক্ষার খাতার মত নম্বর তোলা প্রাকটিশ করো ৷ আচ্ছা পরীক্ষার খাতার মত তো বললাম কিন্তু পরীক্ষার খাতায় কী করবে সেটাও তো বলা উচিৎ ৷ ১. প্রথমে প্রশ্নপত্র পড়ে নিয়ে একেবারে সবকিছু মাথায় নিতে চেও না ৷২. ভাবো এটা একটা লম্বা ইনিংস যা তোমাকেই খেলতে হবে ৷ ক্রিকেট খেলোয়ারের মত চিন্তা করো ৷ ৩. সেখানে তুমি ভাবো তুমি একজন ব্যাটসম্যান ,তোমাকে ১০০ নম্বরের খেলায় খেলতে হবে ৷ প্রশ্নের মান ১০০ হতে পারে কিংবা ৫০ সেটা বড় কথা নয় ৷ তোমাকে ঐ নম্বরের দিকে তাকিয়ে নিয়ে বুঝতে হবে সেটাই তোমার সর্ব্বোচ্চ নম্বর ৷ এখন তুমি কত নম্বর তুলতে পারবে সেটা তোমার ক্যারিশ্মা ৷ ৪. দেখো যে কোনো পরীক্ষায় পাশ মার্ক থাকে তো তোমার প্রথম পদক্ষেপ হল সেই পাশ মার্কে পৌঁছানো ৷ সেটা সম্ভব হলে দেখবে ভালো লাগছে ৷ নিজেকে বলো তাহলে পাশ করলাম ৷ ৫. এবার ৫০% নম্বরের জন্য লেখো , উত্তর দাও ৷ সঠিক উত্তর লিখবে ৷ ভাববে উল্টোদিকে একজন মানুষ কিন্তু তোমাকে দেখছেন ৷৬. এভাবে ৫০% থেকে এগিয়ে চলো ৷ ৬০% সঠিক উত্তর দিতে পারলে মনে মনে নিজের পিঠ নিজেই চাপরে দাও ৷ বোঝো তুমি পেরেছো ৷৭. ৬০% নম্বর যথেষ্ঠ নয় তাই অবশ্যই ভালো ছেলে মেয়ের দলে ঢুকতে হলে অবশ্যই ৭০% তোমাকে পেতে হবে ৷ পারলে নিজেই একবার সেলিব্রেট করো নিজের মনে ৷ বলো হ্যাঁ পারছি , আমি পারছি ৷ নিজের মনে বলো আমি সফল হতে চলেছি ৷৮. আচ্ছা যদি ৮০% নম্বর কারেক্ট করে ফেলো তাহলে কি আনন্দ পাবে না ? হ্যাঁ পাবে তো ৷চলো ৭০% কাজ শেষ হওয়ার পর ৮০% নম্বর তুমিই পাবে ৷ চোখ বুঁজে ভাবো তুমিই পারবে ৷ ৯. এবারের কাজটা একটু কঠিন কিন্তু দেখো তোমার কাছে আর কঠিন নয় ৷তোমার মধ্যে ইতিমধ্যে একটা জেদ তৈরি হয়েই গেছে ৷ সামনে পথচলা মাত্র ২০% বাকী ৷ এজন ব্যাটসম্যানের মত ভাবো যে ৮০ রান করেই ফেলেছে সে তো বাকী ২০ রান করেই মাঠ ছাড়বে৷ সেই রকম তোমার মধ্যে ইতিমধ্যে যে আত্ম বিশ্বাস তৈরি হয়ে গেছে সেখান থেকেই তুমি যখন ৯০% এর দিকে যাবে বুঝবে আর চাপ লাগছে না ৷ আর একটা কথা সব সময় ভাববে তোমার সামনে যেন একজন মানুষ যিনি তোমার খাতাটা দেখবেন তিনি বসে আছেন ৷ তার অদৃশ্য উপস্থিতির কথা চিন্তা করো ৷১০. ৯০ শতাংশ পারার পর তুমি নিজেকে বলো তুমি চ্যাম্পিয়ান ৷ চ্যাম্পিয়ান যেভাবে নিজেকে ভাবে সেভাবে ভাবো ৷নিজেকে একবার দেখে নাও ৷ খাতা উল্টে দেখে নাও , এতক্ষণ পর্যন্ত যা লিখেছো তা ঠিকঠাক তো ! একবার দেখে নাও ৷ দেখবে তুমি নিজেই বিশ্বাস করতে পারছো না যে কতটা লিখে ফেলেছো ৷ হ্যাঁ তুমি লিখেছো , তুমিই লিখেছো ৷ আবার বলছি তুমি এবার পুরোটার দিকে যাবে ৷ যেভাবে একজন চ্যাম্পিয়ান মাঠে প্রবেশ করে তেমন সুন্দর আর নিখুঁত যেন হয় তোমার লেখা ৷ ভাবো একবার পুরানো লেখা গুলোতে কি কমতি আছে ৷ এই ফাঁকে একবার দেখো মেরামত করতে পারো কি না ৷ সুতরাং সব যদি ঠিকঠাক থাকে তাহলে এবার অবশ্যই মরণ কামড় দেওয়াই উচিৎ ৷ ১০০% শতাংশ নম্বর ৷ ১১. যা করবে মনযোগ

পরাজয় সমস্যা নয় Read More »

প্রজাপতি মিশ্র

প্রজাপতি মিশ্র সুজাতা রায়   ভদ্রলোকের নাম প্রজাপতি মিশ্র। ছোটো খাটো গড়ন , অল্প বয়সেই চকচকে টাক আর টাকের নিচে দু চারটে কোঁকড়ানো চুল । ধবধবে ফর্সা শরীরে পৈতেটা যেন আরো সাদা দেখায় । কথায় কথায় বলেন , আর পৈতেটা টানটান করেন , হুঁ হুঁ বাবা আমি প্রজাপতি মিশ্র । আমার চোখ এড়িয়ে একটা পাতাও পড়েনা । লোকটা পারেনা এমন কোনো কাজ নেই , সত্যি সত্যিই জুতো সেলাই থেকে চন্ডীপাঠ। তবুও গিন্নী আর তিন ছেলেপুলে নিয়ে প্রজাপতির অর্ধেক দিন পেট পুরে খাওয়া জোটেনা । ও কিন্তু কুঁড়ে নয় বেশ খাটিয়ে । কিন্তু ওই যে বলেনা গ্রহের ফের । প্রজাপতি বাদাম বেচলে চাট্টিখানি পচা বাদাম বের হয়, আম তো হয় জলসা নয় দাঁত পর্যন্ত টকে যাওয়া , জুতো সারানোওয়ালার সাকরেদি করে এই মার খায় তো ওই খদ্দের ঝগড়া করে , জুতোর পেরেক ফুটে পা ফর্দাফাই । সিকিউরিটি গার্ডের কাজ করতে গিয়ে এমন ঘুম ঘুমালো এক রাতেই হরিবাবুর আমবাগানের ল্যাংড়া আম শেষ । প্রজাপতিকে কেউ আর কাজ দিতে চায়না । বাচ্চাগুলো রোগা রোগা , নাক দিয়ে শিকনি ঝরে আর কেবল খ্যান খ্যান করে কাঁদে । কালকের ঝড়ে হরিবাবুর পাহারা ঘরের টিন উড়ে গেছে । গিন্নী বললো যাওনা কটা বাঁশ জোগাড় করে টিনের ছাউনি দিয়ে স্টেশন বাজারে একটা গুমটি দোকান দাওনা । হরিবাবুর পতিত জমিটা কবে থেকে পড়ে রয়েছে , শুদ্ধু বাজে লোকেদের আড্ডা । ভয়ে ভয়ে হরিবাবুর কাছে প্রস্তাবটা দিতে কি জানি কেন উনি রাজি হয়ে গেলেন , পুরোনো বাঁশ ও দিলেন গোটা দশেক । সারাদিন ধরে অনেক পরিশ্রম করে প্রজাপতি আর ওর বউ একটা দোকান বানালো । বউয়ের শাড়ি কেটে পর্দা আর ভাঙা শ্লেটে চক দিয়ে লেখা সাবিত্রী নিরামিষ হোটেল I ভাত ডাল তরকারি তিরিশ টাকা । গিন্নীর একটু ভয় ভয় করতে লাগলো , হ্যাঁগো পারবে তো , আরে কুছ পরোয়া নেহি আমি প্রজাপতি মিশ্র। শুরু হয়ে গেলো হোটেল । গিন্নীর নাকের ফুল বাঁধা দিয়ে কেনা হোলো চাল , ডাল , সবজি । কোনোদিন দুটো _ কোনোদিন তিনটে খদ্দের হয় , চাটনি আর বকফুলের বড়ার দিন আটজনের এক পরিবার খেয়ে গিয়ে দারুণ সুখ্যাত করলো , ভাত , ডাল প্রজাপতি বানায় , বাকি রান্না গিন্নী করে । আজ সকাল থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি । গিন্নী আজ তিনটে বাচ্চার রেজাল্ট আনতে স্কুলে যাবে । ওকেই সামলাতে হবে হেঁসেল আর ক্যাশ বাক্স । প্রজাপতি বানালো ভাত ডাল আর আলু পটল। হরি বাবুর বাগান থেকে কয়েকটা কুমড়ো ফুল তুলে এনেছে ভাজবে । একটাও খদ্দের নেই , যাকগে দুপুরে ছেলেমেয়েদের নিয়ে জমিয়ে খাওয়া যাবে আলু পটলের তরকারি আর কুমড়ো ফুলের বড়া । চোখটা একটু কি লেগে এসেছিল, নড়েচড়ে উঠলো বুড়ির খ্যানখ্যানে গলায় , বাবা চাট্টিখানি ভাত হবে সকাল থেকে কিচ্ছু খাইনি , বুড়ির ন্যাতাপানা শাড়ি , আরো ছেঁড়া পুঁটলি আর ত্যাড়া ব্যাঁকা লাঠি দেখে প্রজাপতি বুড়িকে উনুন ধারে বসালো , বুড়িমা কি ভেজাই ভিজেছো । তারপর কত গল্প । প্রথমে জল চিনি , তারপরে পেট ভরে বুড়ি খেলো ভাত , তরকারি , দুটো বড়াও দিলো প্রজাপতি । বুড়ি কোমরের ভাঁজের গিঁট থেকে বের করলো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা সকাল থেকে ভিক্ষে করে জুটিয়েছে। প্রজাপতি নেবেনা , বুড়িও ছাড়বেনা , শেষকালে ঠিক হোলো বুড়ি একদিন রান্না করে এই হোটেলেই প্রজাপতিকে খাওয়াবে । লাঠি ঠকঠক করতে করতে বুড়ি চলে গেলো । প্রজাপতি আবার ঢুলছে । গিন্নী এসে ওকে তুলে সবাই মিলে খেলো । ক্যাশ বাক্সে পড়ে আছে মাত্র চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা । কালকের বাজার কি করে হবে । হঠাৎ গিন্নীর চোখে পড়লো পর্দার পিছনে নোংরা কি একটা । ফেলে দিতে যাবে , প্রজাপতি চিৎকার করে উঠলো আরে এটা যে বুড়িমার থলে । রেখে দাও আবার আসলে দিয়ে দেবো । বড্ড ভারী লাগছে যে ,আছে কি ? নানা অন্যের জিনিস ধোরো না , আরে দেখিই না , আমরাতো কিছু নিচ্ছি না । আর আছেটা কি ছেঁড়া রুটি কিংবা দুচারটে ময়লা কাপড় । সত্যিই তাই ময়লা থান আর জপের মালা বের হোলো আর একটা টিনের লম্বাটে কৌটো , তার মধ্যে গুছিয়ে রাখা বেশ অনেক টাকা আর একটা সেলাই , না শেষ হওয়া সেলাই , সংসার সুখের হয় রমণীর, আর সেলাই করা নেই । এখন প্রজাপতির স্টেশন বাজারে হোটেল , নাম বুড়িমা ও সাবিত্রী হোটেল । সেলাইটা গিন্নী শেষ করেছে , অত ভালো পারেনি কিন্তু বাঁধানো ফ্রেমের মধ্যে থেকে পড়া যায় সংসার সুখের হয় বুড়িমার গুণে । আজো প্রজাপতি ক্যাশ বাক্সের সামনে ঢুলতে ঢুলতে অপেক্ষা করে সেই খ্যানখ্যানে গলার জন্য । সুজাতা রায় লেখক , কবি আর সোস্যাল অ্যাক্টিভিস্ট, পেশা বইয়ের মেলার মেলার পরিব্রাজক ও হকার ও নেশা প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো।

প্রজাপতি মিশ্র Read More »

রানি বিষণকুমারী দেবী ও তার রাজপাট

রানি বিষণকুমারী দেবী ও তার রাজপাট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়   একসময় কালনা বর্ধমান রাজাদের প্রধান প্রশাসনিক দপ্তর রুপে পরিচিত হয়েছিল ৷ ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সাথে বোঝাপড়ায় সমস্ত রাজ কার্য বর্তমান কালনার রাজবাড়ী চত্বর থেকেই পরিচালিত হচ্ছিল ৷ এখন প্রশ্ন হল কি এমন হয়েছিল যার জন্য ভাগীরথী তীরস্থ একটা বন্দর এতটা গুরুত্ব পায় ? এরজন্য আমাদের মহারাজ তিলোকচাঁদের সময়ে যেতে হবে ৷ ১৭৪৪ থেকে ১৭৭০ সাল পর্যন্ত মহারাজ তিলোকচাঁদ বর্ধমানের রাজা ছিলেন ৷ সে সময় একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে সারা বাংলা অতিবাহিত করছিল ৷ মন্বন্তরের বছর ১৭৭০ সালে যখন তিলোকচাঁদ মারা গেলেন তখন তাঁর সন্তান তেজচাঁদ মাত্র ৬ বছরের শিশু ৷ তিলোকচাঁদের দ্বিতীয়া স্ত্রী মহারাণী বিষণকুমারী ছেলের হয়ে সমস্ত রাজকার্য পরিচালনার দায়িত্ব নেন ৷ বর্ধমান তখন একটি বর্ধিষ্ণু জমিদারী , রাজকোষ পরিপূর্ণ ৷ এখবর ইষ্টইন্ডিয়া কোম্পানীর ওপরমহলের কর্মচারীরা বিলক্ষণ জানেন ৷ আবার এর দায়িত্বে একজন বিধবা রাজমাতা তাই যেনতেন প্রকারেন বর্ধমানের রাজকোষের ওপর দৃষ্টি পড়লো স্বয়ং ওয়ারেন হেস্টিংস এর ৷ সে অবস্থায় বিষনকুমারী অত্যন্ত দক্ষতার সাথে একদিকে রাজকোষ অন্যদিকে রাজ্যপাট ইংরেজদের ললুপ দৃষ্টি থেকে বাঁচান ৷কিন্তু তারমধ্যেও ১১ লক্ষ টাকা ইংরেজ এবং তার সহযোগীরা আত্মসাৎ করে নেয় ৷ ১৭৭৯ সাল পর্যন্ত বিষণকুমারী ঝড়ঝঞ্ঝা সহ্য করেও রাজ্যপাট টিকিয়ে রাখেন ৷ পুত্র তেজচন্দ্র তখন ১৪ বছরের , তাঁর হাতে রাণীমা বিষণকুমারী বর্ধমানের রাজতন্ত্র সমর্পন করেন ৷ অসাধারণ বুদ্ধিমতি এই রাণী রাজ্যের ৭৫ টি পরগণা থেকে বার্ষিক ৪০ থেকে ৪৩ লক্ষটাকা রাজস্ব আদায় করেছেন নিয়মিত ৷ ইষ্টইন্ডিয়া কোম্পানীর কাছে বাকী থাকে নি কখনও ৷ তাঁর আগ্রহেই কালনায় হয়েছে দুটি শিব মন্দির ৷ একটি ১৭৬৪ সালে রূপেশ্বর শিবমন্দিরের পূর্ব দিকে , অন্যটি ১৭৮৪ সালে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির ৷১৭৭৯ সালে মহারাজ তেজচন্দ্র রাজা হলেন বটে কিন্তু ছোটো থেকেই ছিলেন বিলাস প্রিয় , কুসংসর্গে থাকার কারণে আমোদ প্রমোদে বহু টাকা নয়ছয় করতে থাকেন ৷১৭৮৩ খাজনা বাকী পড়লো ৩ লক্ষ ৩ হাজার ১৭৫ টাকা ৷ইংরেজ পরিচালিত বোর্ডও রাজাকে রাজকার্যে মনোযোগী হতে নির্দেশ করেন ৷১৭৮৯ সালের মধ্যে তেজচন্দ্র ঠিকঠাক রাজস্ব দিতে না পারায় দুবার গৃহবন্দী হন এবং জরিমানাও দেন ৷ একের পর এক অঞ্চল রাজার হাতছাড়া হতে থাকে ৷ তবু উচ্ছৃঙ্খলতা রাজার কমলো না , ৮ জন পত্মী ছিল তেজচন্দ্রের এছাড়া একজন বিদেশীনী রক্ষিতাও ছিল তাঁর ৷ রাণীমা বিষণ কুমারী ছেলের এই জীবনযাত্রায় খুবই বিরক্ত ছিলেন ৷ ছেলে নাবালক থাকার সময় এই রাজত্বই তিনি যথেষ্ট দক্ষতার সাথেই চালিয়েছিলেন ৷ তাই বেদনা সব থেকে তাঁরই হচ্ছিল ৷কিন্তু মায়ের পরামর্শ কানেও নিতেন না তেজচন্দ্র ৷বেশ কয়েকবার গণ্ডগোলও হয় ৷এদিকে ১৭৯৩ সালে রাজ্যের নিয়ম শাসন ভার কোম্পানীর নতুন পুলিশ আধিকারিকরা নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফলে রাজা প্রকৃতপক্ষে সব ক্ষমতা থেকে বিচ্যুত হলেন ৷ ১৭৯৪ সালের ১০ই জানুয়ারী বর্ধমানের কালেক্টার সাহেব ঘোষণা করলেন একমাত্র রাণী বিষণকুমারী যদি দায়িত্ব নেন তবে রাজ্যপাট থাকবে নচেৎ পুরোটাই কেড়ে নেওয়া হবে ৷ অবশ্য এর মধ্যে অনাদায়ী সব রাজস্ব পরিশোধ করতে হবে ৷ শুধু তাই নয় তেজচন্দ্রকে বর্ধমানে না থাকারও নির্দেশ জারী হয় ৷ এদিকে বিষণকুমারী ছেলের অত্যাচারে তখন কালনায় এসে থাকছেন ৷ বাকী জীবনটা ধর্ম ও কৃষ্ণ সেবা করেই কাটাবেন একপ্রকার স্থিরও করেছিলেন ৷কিন্তু কালেক্টার সাহেব যখন স্বয়ং কালনায় এসে সরকারী নির্দেশনামা শোনালেন তখন বিষণকুমারী দেবী আবার বর্ধমানের জমিদারী বাঁচাতে আগ্রহী হলেন ৷নিরুপায় তেজচন্দ্রও মাতা বিষণকুমারীর নামে জমিদারী বিক্রয় কোবালা লিখে দিলেন ৷ সারা কালনা জুড়ে সাজ সাজ রব উঠলো ৷ বর্ধমানের অস্থায়ী রাজধানী কালনাতে তখন আমলা সেনানায়করা , পুলিশের কর্তারা এবং ইংরেজ অফিসাররা আসতে থাকছেন ৷ বিষণকুমারী মারা গেলেন ১৭৯৮ সালের ৯ই সেপ্টেম্বর ৷কালনাতেই তাঁর শেষকৃত্য সমাপন হয় ৷ জীবনের শেষ অধ্যায়ের ৪ বছর আবার তিনি বর্ধমান কে কোনোমতে বাঁচাতে পেরেছিলেন ৷ কালনা থেকেই তিনি সব রাজস্বের হিসাব নিকাশ করে গেছেন ৷ সৌভাগ্যের বিষয় মায়ের মৃত্যুর পর তেজচন্দ্র পালটে গেছিলেন ৷ তবে মৃত্যুর আগে রাণী নয় বছরের পৌত্র প্রতাপচাঁদের নামে সকল সম্পত্তি ও জমিদারী উইল করে গেছিলেন , দেখভালের দায়িত্ব শুধু তেজচন্দ্রকে দিয়ে গেছিলেন ৷ যাইহোক পরের পর্বে তেজচন্দ্র ভালোভাবে রাজত্ব চালান ৷এবং প্রতাপচাঁদের সময় বর্ধমান আবার বিচিত্র এক পরিস্থিতির সম্মুখিন হয় ৷ এসময়ও কালনার একটা বড় ভূমিকা ছিল ৷ আবার আসি বিষণ কুমারী দেবীর কথায় ৷ মহারাজা তিলোকচাঁদের দ্বিতীয়া স্ত্রী ছিলেন বিষণ কুমারী ৷তিনি ছিলেন সেরগড় পরগনার উখরা নিবাসী মেহেরচাঁদ হাণ্ডের কন্যা এবং বক্তার সিংহ হাণ্ডের ভগ্নী ৷মেহেরচাঁদ হাণ্ডে লাহোর নগরের মচ্ছিহাট্টা মহল্লা থেকে উখরায় এসে বসবাস করেন ৷ বিষণকুমারীর এক পুত্র তেজচাঁদ এবং কণ্যাদের বড় তোতাকুমারী ও ছোটো চিত্রকুমারী ৷ লাহোর নিবাসী আনন্দচাঁদ শেঠের সঙ্গে তোতাকুমারী এবং দয়াচাঁদ শেঠের সঙ্গে চিত্রকুমারীর বিবাহ হয় ৷ বিষণকুমারীর স্বামী তিলোকচাঁদ ১৭৪৪ থেকে ১৭৭০ খ্রীষ্টাব্দ পর্যন্ত এই ২৬ বছর রাজত্বকালে যে সমস্ত সমস্যার মধ্যে পড়েছিলেন এবং সফলভাবে মোকাবিলা করেছিলেন তা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন রাণী বিষণকুমারী ৷ ফলে বিষণকুমারী যে সফল ভাবে রাজপাট চালিয়েছিলেন তার শিক্ষা এ সময়ই হয়ে গেছিল ৷ বিষণকুমারী তাঁর জীবদ্দশায় তেজচাঁদকে সঠিক পথে আনতে ব্যর্থ হলেও মায়ের মৃত্যুর পর তেজচাঁদ পালটে যায় ৷ শোনাযায় চারিদিকে দেনায় জর্জরিত হয়ে একের পর এক তালুক মহল্লা যখন হাতছাড়া হচ্ছে ঠিক সেসময় তেজচাঁদের চৈতন্যোদয় হয় ৷ যে চিরস্থায়ী বন্দোবস্তের জেরে তেজচাঁদ জমিদারী খোয়াতে বসেছিলেন সেই নীতিই তাকে আবার বড়লোক করে দেয় ৷ তিনি অনেকদিন আগেই তার বাবার চিন্তা মোতাবেক তাঁর অধিকারে থাকা পুরো এলাকাকে ছোটো ছোটো জমিদার সৃষ্টির মাধ্যমে ভাগ করে দেন ৷ বাংলার বহু বিশিষ্ট ধনী ব্যক্তি সে সময় নিলামে সর্বোচ্চ সেলামি দিয়ে পত্তনি ব্যবস্থার মাধ্যমে জমিদারীর স্বাদ নিতে আসেন ৷ ফলে একসাথে প্রচুর অর্থের আমদানী হল এবং তেজচাঁদ সহজেই গভর্ণমেন্টের প্রাপ্য খাজনা পরিশোধ করে দিতে পারলেন ৷ ১৮৬০ সালে তিনি বিষ্ণুপুরের জমিদারী কিনে ফেলেন ৷ ফলে ধনসম্পত্তিতে তিনি বাংলার সেরা রাজায় পরিণত হন ৷ ১৮২৭ সালে তাঁর নির্মিত বর্ধমান কালনা সড়ক ব্যবসায় যেমন বর্ধমানকে উন্নত করেছিল তেমনি ১৮১০ সালে কালনাতে নবকৈলাস মন্দির (১০৮ শিব মন্দির ) এবং গোলাপবাগ ও চিরিয়াখানা তৈরি করে সকলকে অবাক করে দিয়েছিলেন ৷ ১৮৩২ সালে তেজচাঁদের মৃত্যুর আগে পর্যন্ত বাংলায় বর্ধমান রাজাদের বিপুল প্রতাপ সকলের সমীহ আদায় করেনিয়েছিল ৷ তিলোকচাঁদের পর থেকে যে রাজ পরিবার সম্মৃদ্ধশালী হতে থাকে ,রাণী বিষণকুমারীর চেষ্টায় তা আরো বৃদ্ধিলাভ করে শেষে তেজচাঁদের হাতে শ্রেষ্ঠ সম্পদশালী অংশে পরিণত হয় ৷ আজ সবই অতীত ,কিছু মন্দির ও সৌধের মাধ্যমেই তাদের আমরা স্মরণে রেখেছি ৷ তেজচাঁদের চিতাভষ্মের সমাধি একসময় কালনা মহিষমর্দ্দিনী ইনস্টিটিউটে ছিল আজ তার হদিস দেওয়ার কেউ নেই, কালনার সমাজবাড়িও প্রোমোটারের দখলে ৷ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ভাষাপথের সম্পাদক এবং সব রকম লেখার সাথে যুক্ত ৷ বর্তমানের ভাষাপথ বিষয় ভিত্তিক সংখ্যা করছে ৷ বাসভূমি কালনা ৷ পেশা শিক্ষকতা ৷

রানি বিষণকুমারী দেবী ও তার রাজপাট Read More »

কোন কালীকে দেওয়ালে টাঙাবেন?

কোন কালীকে দেওয়ালে টাঙাবেন? অয়ন মুখোপাধ্যায়   এক পিঠে আঁকা জি. সি. দাসের ‘শ্রীশ্রী কালী’। খিলানের ঠিক মাঝখানে দেবীর মুখ। মুখ থেকে জিভ বেরিয়ে আসছে। আবার এই কাগজটাকেই উল্টে দেখি, সেখানেও আরেকটা কালী। দেখতে একদম আলাদা। কালো ছাপ। দেবীর মুখ আর হাত কাগজের নিচের দিকে, মাথার ওপর অনেকখানি ফাঁকা। উনিশ শতকের কলকাতায় ছাপাখানা পুরোনো কাগজের ফাঁকা পিঠেই জি. সি. দাসের ছবিটা ছেপেছিল। ফলে ওই কাগজের সামনে-পেছনে দুজন শিল্পীর কালীকে আমরা দেখতে পেয়েছি। কিন্তু কাগজটাকে বাঁধিয়ে দেওয়ালে টাঙানোর সময় একটা পিঠ তো আড়ালে থাকবেই। সে ক্ষেত্রে কোন দিকের কালীঠাকুরকে আমরা সামনে রাখব? প্রশ্ন হল, কোন কালীঠাকুরের মুখকে আমরা ঠিক বলে গণ্য করব? অথবা কে বলে দেবে, এই ছবিটাই আসল কালীর ছবি? সেখানেই গোল বাঁধল। চিত্রসংস্কৃতির ওপর বিশিষ্ট গবেষক কাজরি জৈন তাঁর ‘Gods in the Bazaar’ বইয়ে শিবকাশীর এক ছবি-প্রকাশকের অভিজ্ঞতার কথা লিখেছেন। সেই প্রকাশকের কথায়, “দক্ষিণ ভারতে ক্রেতারা বসা লক্ষ্মীর ছবি পছন্দ করেন, আর উত্তর ভারতে দাঁড়ানো লক্ষ্মীর ছবি।” লক্ষ্মীর বসা বা দাঁড়ানো নিয়ে যেমন পছন্দের ফারাক, কালীর এই দুটো মুখের সামনেও দর্শকের পছন্দ আলাদা হতে পারে। একজন হয়তো খিলানের তলার মুখটা বেছে নেবেন। আবার অন্যজন হয়তো বেছে নেবেন উল্টো পিঠের কালো ছাপে কালীর ছবিটা। ঘরে কিংবা পুজোয় আগে কোন মুখটা দেখেছি, সেই পছন্দে তারও ছাপ থাকে। ঠিক-ভুলের প্রশ্নটাকে এক মুহূর্তের জন্য সরিয়ে রেখে বিষয়টাকে উল্টে দেখি। কোন মুখটা দেখে আমরা বলব, ‘এ তো আমাদের চেনা কালী’? সেই মুখটা কোথা থেকে এল, কীভাবে বদলাল, আর কে আমাদের তা চিনতে শেখাল? ‘শ্রীশ্রী কালী’ (সামনের পিঠ) — জি. সি. দাস। কলকাতা, আনুমানিক ১৮৮০–৮৫। দ্য মেট। কালী (একই কাগজের উল্টো পিঠ) — শিল্পীর নাম অজানা। কালো লিথোগ্রাফ, কলকাতা, আনুমানিক ১৮৭৫–৮৫। দ্য মেট। এই প্রসঙ্গে প্রথমেই কালীঠাকুরের জিভের বিষয়টাকে যদি খুঁজতে যাই, তাহলে আমাদের আলোচনা করতে হবে দুটো প্রাচীন মূর্তি নিয়ে। সরাইকেলার ষষ্ঠ শতকের চামুণ্ডার পেট বসে গেছে, হাতে করোটি। দ্য মেটের দশম–একাদশ শতকের চামুণ্ডার নাভির কাছে ভাস্কর একটা বিছে খোদাই করেছেন। চণ্ডীর সপ্তম অধ্যায়ে কালী চণ্ড আর মুণ্ডকে মারেন, অম্বিকা তাঁর নাম দেন চামুণ্ডা। এই বইটা থেকে আমরা জানতে পারি, দেবী কী করলেন। দুই ভাস্কর দেখিয়েছেন, মৃত্যুর সঙ্গে তাঁর কারবারটা দেখতে কেমন। দেবীর হাতে খড়্গ দেখে যে ভয় পাই, বসে যাওয়া পেটটা সেই ভয়কে আমাদের রক্তের মধ্যে আরও কাছে নিয়ে আসে। ওই শরীরের হাড়গোড় আমাদেরও চেনা। সরাইকেলার চামুণ্ডা — ভাস্করের নাম অজানা। ষষ্ঠ শতক। বিহার মিউজিয়াম। চামুণ্ডা — ভাস্করের নাম অজানা। দশম–একাদশ শতক। দ্য মেট। কিন্তু ওই শুকনো শরীরটাকেই দেবীর চেনার চিহ্ন ধরে হাম্পি গেলে আবার আমরা আটকে যাব। বিজয়নগর আমলের চতুর্দশ–পঞ্চদশ শতকের গ্রানাইট মূর্তিতে কালী বসে আছেন, ডান পাটা ঝুলছে। হাতে ডমরু ও পাত্র। নয়াদিল্লির জাতীয় সংগ্রহশালায় রাখা ষোড়শ শতকের আরেক বিজয়নগর মূর্তিতেও দেবী বসে আছেন। এক হাঁটু ভাঁজ করে, মাথায় উঁচু মুকুট। ছবিতে সেই দ্বিতীয় মূর্তিটি আছে। সাল সাজিয়ে আমরা আগে আর পরে চিনে নিতেই পারি। কিন্তু সরাইকেলার চামুণ্ডা থেকে হাম্পির কালী কবে থেকে এলেন, এমন নির্দিষ্ট হদিস ওই সালগুলো দেয় না। বরং এখানে একটা প্রশ্ন আপনার মনে জাগতেই পারে। শিল্পী কাদের কাছে দেবীকে কোন রূপে চিনিয়ে দিচ্ছেন? বিজয়নগর আমলের কালী — ভাস্করের নাম অজানা। ষোড়শ শতক। জাতীয় সংগ্রহশালা, নয়াদিল্লি। আলোকচিত্র গেব হিমস্ট্রা, CC BY-NC-ND 4.0। বসোহলির শিল্পী সে প্রশ্নের উত্তর ছবির মধ্যেই বসিয়ে রেখেছেন। হরিণের ছালের ওপর বৈষ্ণব ঋষি চ্যবন। সামনে ভদ্রকালী। আনুমানিক ১৬৬০–৭০ সালের এই ছবিটি সম্ভবত কৃপালের। স্মিথসোনিয়ানের ব্যাখ্যা অনুযায়ী, চ্যবন বৈষ্ণব বলেই তাঁর সামনে দেবীর হাতে বিষ্ণুর শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। রবীন্দ্রনাথ ‘মানুষের ধর্ম্ম’-এ লিখেছিলেন, “মানুষের দেবতা মানুষের মনের মানুষ।” ছবিটা সেই কথার পাশে রাখলে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই। ঋষি নিজে ছবির বাঁ দিকে বসে আছেন, অথচ তাঁর চেনা চারটে জিনিস দেবীর চার হাত জুড়ে আছে। চ্যবন ঋষির সামনে ভদ্রকালী — সম্ভবত কৃপাল। বসোহলি, আনুমানিক ১৬৬০–৭০। স্মিথসোনিয়ান। মণ্ডির শিল্পী প্রায় দেড়শো বছর পরে একই দেবীকে চিনিয়েছেন ঠিক উল্টো পথ ধরে। শঙ্খের বদলে খড়্গ, বনের বদলে চিতা। শিবের নিথর দেহের ওপর কালী, পাশে শেয়াল আর হাড়গোড়। দুটো ছবিই তান্ত্রিক দেবীচিত্রের ধারায় পড়ে। তন্ত্রের ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে র‍্যাচেল ফেল ম্যাকডারমট বলেছেন, “তন্ত্রে সাধক কালীর রূপ মনে ধরে উপাসনা করতেন।” বাংলার শাক্ত গানেও সেই সাধনার ছাপ তিনি পেয়েছিলেন। শ্মশানকে বুকের মধ্যে এনে রাখার গল্প যে গান আমাদের শিক্ষা দেয়, সেই গানেই ভক্ত কালীকে মা বলে ডাকেন। শ্মশান আর ঘরের মধ্যে যে দূরত্ব মণ্ডির ছবিতে দেখি, গানের ভক্ত সেই দূরত্ব ঘুচিয়ে দেন। খড়্গ হাতে যিনি দাঁড়িয়ে, তাঁকেই আমরা ঘরের মানুষ বলে চিনি, মা বলে ডাকি। শ্মশানে শিবের ওপর কালী — শিল্পীর নাম অজানা। মণ্ডি, আনুমানিক ১৮১০। ক্লিভল্যান্ড মিউজিয়াম অব আর্ট। নবদ্বীপের লোককথায় ঘরের সঙ্গে দেবীর মুখের যোগ আছে। কৃষ্ণানন্দ আগমবাগীশ ভোরে এক গৃহবধূকে ঘুঁটে দিতে দেখলেন। সাধককে দেখে তিনি জিভ কাটলেন। লোককথায় বলে, সেই ভঙ্গি থেকেই নাকি জন্ম দক্ষিণাকালীর মুখ। কিন্তু এই গল্প দিয়ে মূর্তির জন্মসাল নির্ধারণ অসম্ভব। তবে যে মুখে এক ভক্ত যুদ্ধের চিহ্ন দেখেন, সেই মুখে আরেক ভক্ত ঘরের মেয়ের পরিচিত ভঙ্গিও দেখতে পান। কালীঘাটের পটেও সেই জিভ। পটুয়া লাল রঙে তাকে টেনে দিয়েছেন। ক্লিভল্যান্ডের সংগ্রহে থাকা পটে আমরা দেখি, তার ঠিক ওপরেই নীলচে মন্দিরের চূড়া। তীর্থযাত্রী পট কিনে বাড়ি ফিরলেন। কাগজে দেবীর সঙ্গে মন্দিরটুকুও তাঁর সাথে ঘরে গেল। কালীঘাটের পটে কালী — পটুয়ার নাম অজানা। আনুমানিক ১৮৯০। ক্লিভল্যান্ড মিউজিয়াম অব আর্ট। তীর্থযাত্রীর পুঁটলি করে যে কালী ঘরে যেত, সেই কালীর মুখ ছাপাখানার হাত ধরে পৌঁছে গেল এমন সমস্ত লোকের কাছে, যারা কোনোদিন কালীঘাটে যাননি। পটুয়া তুলি টানতেন একটা পটে। সেই জায়গায় ছাপাখানার একটা কালী মূর্তির নকশা বৈপ্লবিকভাবে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে গেল। বটতলার হেমচন্দ্র দাস দুই ধাতব ফলক থেকে পাশাপাশি ছাপলেন কালী ও জগদ্ধাত্রী। দুজনের মাথার ওপর খিলান। সরু থাম দেখে কলকাতার ঢালাই লোহার কাজ মনে পড়ে যায়। ২০২৬ সালে দ্য মেটের গবেষক বৈষ্ণবী পাতিল লিখেছেন, “দাম কম, সঙ্গে নেওয়া সহজ, আর দরকারে নতুন কপি মেলে”—এই কারণেই লিথোগ্রাফ দেবদেবীর ছবি মন্দির ও ছাপাখানা ছাড়িয়ে বহুদূর নিয়ে গেল। কাজরি জৈন ক্যালেন্ডারের ছবি নিয়ে গবেষণা করতে ছাপাখানার লোক, প্রকাশক আর ক্রেতাদের কথাও শুনেছিলেন। ছবি কেমন দেখতে, তার সঙ্গে কে ছাপল, কোথায় বিকোল আর ক্রেতা কোথায় রাখলেন, সেই হিসেবটাকেও তিনি বিশ্লেষণ করেছেন। ‘কালী ও জগদ্ধাত্রী’ — হেমচন্দ্র দাস। কলকাতার বটতলা, আনুমানিক ১৮৫০–৭০। দ্য মেট। বোম্বাইয়ের কাছে রবি বর্মা প্রেসের কালীতে এই হিসেবের আরেকটা দিককে আমরা দেখতে পাই। নীল দেবী শিবের ওপর দাঁড়িয়ে, হাতে রক্ত ধরার পাত্র। আনুমানিক ১৯১০–২০ সালের এই ছবিটি প্রেসের শিল্পীরা বানিয়েছিলেন রবি বর্মার মৃত্যুর পরে। চিত্রসংস্কৃতির ইতিহাস নিয়ে ক্রিস্টোফার পিনি লিখেছেন, প্রেস “অন্য শিল্পীদের ছবিও তাঁর স্বাক্ষর দিয়ে ছাপতে থাকল।” এখানে বাজারের দুটো কাজ। সে একই মুখ যেমন বহু ঘরের কাছে পরিচয় করিয়ে দেয়,

কোন কালীকে দেওয়ালে টাঙাবেন? Read More »

ইউক্যালিপটাস ও আরেকটি অধ্যায়

ইউক্যালিপটাস ও আরেকটি অধ্যায় শান্তা কর রায়   অর্থনৈতিক জীবন শুনতে শুনতে বড় হয়েছে রিক্তা। ওর দুহাতই শূন্য। বাবার কাছেই বড় হওয়া। মা কোনো এক অবাঙালীর সঙ্গে কেটে পড়েছিল। ভালোবেসে ওদের ঘর শূন্য করে দিয়ে চলে যায়। সেখানে হয়তো ভালো আছে। শূন্য দুহাতে তাই রিক্তা সবার ভালোর কথা ভাবে। সকলের জন্য করে। সবাই ওকে ভালোবাসে। রিক্তা বড়ো হচ্ছে। আঠারো বছরের পর থেকে জীবনের ডিপ্লোম্যাসি ওর সেরিব্রাল হেমিস্কোয়ারে আঁচড় কাটতে শুরু করে। ও বুঝতে পারে পার্সোন্যাল লাইফ থোর-বড়ি-খাড়া নিয়মে চললে তার ফলাফল মিড লাইফ ক্রাইসিস। জীবন থেকে রূপ, রস, গন্ধ স্পর্শ নিয়ে ওর বেড়ে ওঠা। গাছ ভালোবাসে, বাগান করতো ওর দাদামশাই, সেই থেকেই শেখা। গাছের পরিচর্যা করতে করতে বেড়ে ওঠা। ওদের বাগান ভর্তি গাছ। গাছে গাছে পাখি। ওর মনে হয় পাখিরা কী সুন্দর ভালো ভালো জায়গায় প্রতিদিন ঘোরে। ওর পাখা থাকলে ও বেরিয়ে একবার মাকে দেখে আসতো। সাজানো সংসার আর মা কেমন করে ওকে ফেলে দূরে আছে। এতোদিন শুধু অভিমান ছিল। আঠারো বছরের পর ও বুঝতে শিখেছে দুবেলা পেটে ভাত পড়লেই জীবন চলে না। ব্যক্তিগত জীবন খুব জরুরী। বায়োলজির শিক্ষক ওকে বড়ো হতে সাহায্য করেছে। ব্যক্তিজীবনের জটগুলো খুলে গ্যাছে। বুঝতে শিখেছে বাঁচার জন্য সব থেকে জরুরী নির্জনতা। তাই বাগান ওকে শান্তি দেয়। নির্জনে বসে গ্রন্থিমোচনের নেশা ধরায়। আম, জাম, কাঁঠাল নানা রকমের গোলাপের পাশাপাশি বাগানে একটা ইউক্যালিপ্টাস গাছ আছে। রিক্তার জ্যেঠুমণির লাগানো। মসৃণ শরীরের গাঢ় সবুজ পাতায় ওর শরীরে সব সময় যৌবন। রিক্তা ওর গায়ে হেলান দিয়ে দাঁড়াতে ভালোবাসে। মালিকাকাকে দিয়ে বছরে একবার ডাল পরিষ্কার করে। অন্য গাছগুলো থেকে একটু বেশীই যত্ন নেয়। বাগানে কমন গাছগুলোর সঙ্গে বেমানান ছিল একটা ইউক্যালিপটাস গাছ। রিক্তার বাবা এখন পঞ্চাশে হিপোক্রিট বুড়ো (মানসিকভাবে)। সুন্দরী মেয়ের একটা হিল্লে করে দিতে চায় কোনওভাবে। ইউনির্ভাসিটি গন্ডী পেরোলে ভাগিয়ে দেবে ওকে। মেয়ে বড়ো হচ্ছে। পড়াশোনায় ভালো। ভিতরে বেড়ে ওঠে শিকড়। পাত্র ঠিক হয় গোপনে। রিক্তা কিছুই আঁচ পায় না। পড়া বন্ধু আর বাগা। বিজেশ দেশে ফিরলেই ওদের বিয়ে। ওর দশদিন আগে আসার কথা ছিল। ফ্লাইট ক্যানসেল হওয়ায় বিয়ের দিনই আসবে স্থির হয়। ফোনে কথা হয় রিক্তার সঙ্গে। বাবার বন্ধুর ছেলে। ছোটবেলার খেলার সাথী। বিয়ে করতে রিক্তা চায় না। বাবা একা হয়ে যাবে। তাছাড়া জন্মের পর থেকেই মা-বাবার মধ্যে তিক্ত সম্পর্ক ওর বিয়ে না করতে চাওয়ার প্রধান কারণ। তবু বাবার কষ্ট হবে তাই রাজী হয়। বসন্ত এসে গেছে। রিক্তার বাগানে ফুলের মেলা বসেছে। রিক্তা সেজেগুজে অপেক্ষা করছে, হঠাৎ খবর আসে বিজেশের প্লেন ক্র্যাশ করেছে। লগ্নভ্রষ্টা হয়ে যাবে রিক্তা। বিজন মাথায় হাত দিয়ে বসে পড়ে। সেই মুহূর্তে উপযুক্ত পাত্র পাওয়া গেল না। রিক্তা উঠে দাঁড়াল। মন্ত্রের মতো এসে দাঁড়ালো ওর বাগানে। ফুল গাছ সবই ওর সঙ্গে কথা বলে। মুহূর্ত দাঁড়িয়ে ছুটে গেল ব্রাহ্মণের কাছে। বলল সে প্রস্তুত। বিয়ের মন্ত্র পাঠ শুরু হয়। ইউক্যালিপটাস গাছটাকেই বিয়ে করে রিক্তা। ওর প্রিয় গাছ। সবাই অবাক হয়ে দেখে এই বিয়ে। সবাই বাকরুদ্ধ। রিক্তার ঠোঁটে লেগে থাকে এক অপার্থিব হাসি। ও যেন এটাই চেয়েছিল। সব সমস্যার সমাধানের একমাত্র পথ। মুশকিল আসান গাছটা যেন হঠাৎ আরো সুন্দর আরো সবুজ হয়ে হাওয়ায় দুলে ওঠে। রিক্তা ওকে স্পর্শ করে। শরীরে শিহরণ অনুভব করে। এরপর ওর সময় আরো বেশী সুন্দর হয়ে ওঠে। বাগানেই ওর সংসার। মনে মনে কথা বলে সব গাছের সঙ্গে। ইউক্যালিপটাসের সঙ্গে চলে দীর্ঘ সংলাপ। সবাই রিক্তাকে পাগল মনে করে। বিজেশের মৃত্যু হয়নি। দীর্ঘ অসুস্থতার পর সে ফিরে আসে রিক্তার কাছে। অনেক বোঝায়। ‘তুমি নিশ্চয় আমার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছ।’ ‘না এটা আমার কথা ভেবে নেওয়া হয়েছিল। ‘এখন আমি ফিরে এসেছি, এবার বিয়েটা হতেই পারে।’ ‘আমি বিবাহিতা’। রিক্তার বজ্রকঠিন কথার সামনে থমকে যায় বিজেশ। খালি হাতে ফিরে যেতে হয় তাকে। জ্যেঠুমণি বাবা সবাইকে হারিয়ে রিক্তা একা হয়ে যায়। বিজন গাছের সঙ্গে মেয়ের বিয়েটা মেনে নিতে পারেনি। পাড়ার বখাটে ছেলের দল রিক্তাকে বিরক্ত করতে শুরু করে। ইউক্যালিপটাস গাছের নিচে বসেছিল রিক্তা। কয়েকটা ছেলে হঠাৎ সামনে এসে দাঁড়ায়। ওদের কথায় বিব্রত বোধ করে রিক্তা। গাছটাকে শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। একটা ছেলে রিক্তার হাত স্পর্শ করতে যায়। তখনই ঘটে বিপত্তি। হঠাৎই শান্ত বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে ছেলেটার মাথায়। অজ্ঞান হয়ে যায় তৎক্ষণাৎ। বাকিরা ভয়ে পালায়। এরপর গাছটাকে সবাই ভুতুড়ে মনে করতে শুরু করে। রিক্তা কৃতজ্ঞতায় কেঁদে ফেলে। ও জানে সব পরিস্থিতিতে রক্ষা পাবে। গাছটা ওর দায়িত্ব নিয়েছে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে গাছতলায় এসে বসে থাকে। চাকরবাকরদের কোনো কথাই সে শোনে না। ইউক্যালিপটাসকে স্পর্শ করে ও ভালো থাকে, আনন্দে থাকে। ওর খসে যাওয়া পাতা ছুঁয়ে প্রতিজ্ঞা করে কোনো পরিস্থিতিতেই ওকে ছেড়ে যাবে না। রাতে স্বপ্নে গাছের ভিতর থেকে বেরিয়ে আসে এক যুবক। যার সঙ্গে সারারাত রিক্তার সহবাস চলে। হারিয়ে যায় মেঘের রাজ্যে। কখনো ঘন জঙ্গলের ভিতর শরীরে এসে বসে অসংখ্য জোনাকি। রিক্তার দু’হাত ভর্তি আলো। সমস্ত সত্তায় ইউক্যালিপটাস। আকাশে অসংখ্য তারার ভিতর বাবার মুখ। নিশ্চিন্ত। শান্তা কর রায়, লেখক হুগলি জেলার উত্তর পাড়ায় থাকেন, জন্ম নদীয়ায়।

ইউক্যালিপটাস ও আরেকটি অধ্যায় Read More »

স্মৃতির লকার

স্মৃতির লকার কমলিকা ভট্টাচার্য   সাল ২১০১অনিকেত নিজের সামনে শূন্যে আঙুল ঘুরিয়ে দ্রুত কিছু টাইপ করছিল। তার আঙুলের ডগা থেকে বেরিয়ে আসা অতি সূক্ষ্ম আলোকরশ্মিগুলো অদৃশ্য হয়ে যাচ্ছিল বাতাসে, আর তার চোখের সামনে ভেসে উঠছিল একের পর এক তথ্যের স্তর। বাইরে থেকে দেখলে মনে হতো, ছেলেটি শূন্যে হাত নেড়ে কোনও অদৃশ্য মানুষের সঙ্গে কথা বলছে।আজ থেকে কয়েক দশক আগে কেউ যদি এমনটা করত, তবে তাকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিত প্রতিবেশীরা। তখন মানুষ লিখত কাগজে, দেখত কম্পিউটারের পর্দায়, আর তথ্য খুঁজতে হলে কিবোর্ডে আঙুল চালাতে হতো। অথচ এখন লেখার জন্য কাগজ নেই, দেখার জন্য স্ক্রিন নেই, এমনকি কম্পিউটার নামের যন্ত্রটিও ইতিহাসের জাদুঘরে সংরক্ষিত।এখন মানুষের চিন্তাই তার ইন্টারফেস।পৃথিবীর সমস্ত মানুষের ব্যক্তিগত স্মৃতি, জ্ঞান, অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে কেন্দ্রীয় ডেটা সেন্টারের সুরক্ষিত লকারে। মস্তিষ্কে সব তথ্য জমিয়ে রাখার পুরোনো অভ্যাস মানুষ ছেড়ে দিয়েছে। কারণ, তথ্য যত বেশি নিজের মাথায়, বিপদের আশঙ্কাও তত বেশি। সত্তর বছর আগের মানুষ যেমন জরুরি প্রয়োজনে পকেটে সামান্য নগদ টাকা রাখত, অথচ অধিকাংশ লেনদেন করত অনলাইনে, এখনকার মানুষও তেমনই মস্তিষ্কে রাখে শুধু দৈনন্দিন কাজ চালানোর মতো প্রয়োজনীয় তথ্য। বাকি সবই নিরাপদে সংরক্ষিত থাকে নির্দিষ্ট সার্ভারে।নিরাপত্তার জন্য প্রতিটি মানুষের মস্তিষ্কে বসানো হয়েছে একটি বিশেষ সুইচ। কানের পিছনে আঙুলের স্পর্শে সেটি সক্রিয় হয়। তারপর মানুষ মনে মনে যা জানতে চায়, যা দেখতে চায়, কিংবা অতীতের যে অনুভূতিটুকু ফিরে পেতে চায়, সেই অনুযায়ী ডেটা সেন্টারের সঙ্গে সংযোগ স্থাপিত হয়। এই ব্যবস্থার নাম মাইন্ড রিডার।অনিকেত আজ কাজ করতে করতে হঠাৎ থেমে গেল।তার কোনও শারীরিক অসুবিধা নেই, কাজের চাপও খুব বেশি নয়। বিশাল এক ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরসূরি সে। তার বাবা জন্ম থেকেই তাকে তৈরি করেছেন নিজের সাম্রাজ্যের দায়িত্ব নেওয়ার জন্য। অনিকেতের জীবন সাজানো, নিয়ন্ত্রিত, আরামদায়ক। তার প্রয়োজনের প্রায় সবকিছুই হাতের নাগালে। তবু মাঝে মাঝে কাজের ফাঁকে তার মনের ভিতরটা কেমন ফাঁকা হয়ে যায়। চারপাশে সবকিছু এত সহজ, এত দ্রুত, এত নিখুঁত যে কোনও কিছু পাওয়ার জন্য বিশেষ অপেক্ষা করতে হয় না। আনন্দ, বিনোদন, জ্ঞান, এমনকি অন্যের অভিজ্ঞতা—সবই কয়েক মুহূর্তের দূরত্বে। অথচ এই অফুরন্ত প্রাপ্তির পৃথিবীতেও এমন কিছু মুহূর্ত আসে, যখন অনিকেতের মনে হয়, তার যেন কী একটা নেই। কী নেই, সে নিজেও জানে না। শুধু অনুভব করে, জীবনের কোথাও যেন একটা অদৃশ্য শূন্যতা রয়ে গেছে, যা কোনওভাবেই পূরণ হচ্ছে না।আজও তেমনই একটা মুহূর্তে সে কাজ থামিয়ে দিল।কানের পিছনের সুইচে আঙুল ছোঁয়াতেই সামনে ভেসে উঠল কয়েকটি বিকল্প—পুরোনো পৃথিবীর ছবি, মহাকাশ অভিযানের অনুভূতি, পূর্বপুরুষদের স্মৃতি—আরও কত কী!অনিকেতের হঠাৎ মনে পড়ল, তার নিজের পরিবারের স্মৃতির লকারে একটি বিশেষ সংগ্রহ রয়েছে। পাঁচ প্রজন্মের জিনোম সিকোয়েন্স, বংশপরিচয়, আর কিছু সংরক্ষিত স্মৃতি। তার নিজের জন্মও এই আধুনিক প্রযুক্তিরই ফসল। স্পার্ম ব্যাংক ও এগ ব্যাংকে সংরক্ষিত জৈব উপাদান থেকে তার ভ্রূণ তৈরি হয়েছিল, আর এক সারোগেট মায়ের গর্ভে তার জন্ম। জন্মদাতা বাবা-মাকে সে কখনও দেখেনি। সারোগেট মা মাঝেমধ্যে আসে, তবে সেই আসার পিছনে অর্থের সম্পর্কটাই স্পষ্ট। তাকে মানুষ করেছেন তার বাবা, যাঁর কাছে অনিকেতের ভবিষ্যৎ মানে তাঁর সাম্রাজ্যের ভবিষ্যৎ।পাঁচ প্রজন্মের জিনোম সিকোয়েন্স তার কাছে আছে, কিন্তু এই মানুষগুলোর জীবনের কতটুকুই বা সে জানে? তাদের মুখ, তাদের অভ্যাস, তাদের হাসি, অভিমান, ভালোবাসা—সবই যেন তথ্যের আড়ালে হারিয়ে গেছে। মানুষগুলোর অস্তিত্বের প্রমাণ রয়েছে, অথচ তাদের সঙ্গে বেঁচে থাকার কোনও স্মৃতি নেই তার।হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগল।একজন মা দেখতে কেমন হন?প্রশ্নটা খুব সাধারণ। অথচ অনিকেতের কাছে এর উত্তর নেই।সে কখনও নিজের মাকে দেখেনি। তার জন্মের নথিতে রয়েছে কয়েকটি জৈবিক তথ্য, কিছু সংখ্যার সারি, কিছু চিকিৎসাবিষয়ক বিবরণ। কিন্তু কোনও মুখ নেই, কোনও ছবি নেই। বাবার কাছেও এ নিয়ে প্রশ্ন করার সাহস তার হয়নি। তাদের সম্পর্কের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আলোচনা আছে, দায়িত্ব আছে, সাফল্যের হিসাব আছে—কিন্তু এই ধরনের প্রশ্নের জন্য কোনও জায়গা নেই। বাবা তাকে জীবনের সমস্ত প্রয়োজনীয় উপকরণ দিয়েছেন, শুধু সেই প্রশ্নটির উত্তর দেননি, যা আজ হঠাৎ তার সমস্ত মন জুড়ে বসেছে।অনিকেত আবার মাইন্ড রিডার সক্রিয় করল।“মা—একটি নারীর মুখ তৈরি করো।”কয়েক মুহূর্ত নীরবতা।তারপর সিস্টেম জানাল, “অনুগ্রহ করে মুখের বৈশিষ্ট্য নির্দিষ্ট করুন।”অনিকেত থমকে গেল। কী বলবে সে? চোখের রং? চুলের দৈর্ঘ্য? মুখের গড়ন? যে মানুষটিকে সে কখনও দেখেনি, তাঁর চেহারা কেমন হবে, তা সে কী করে জানবে?সে চোখ বন্ধ করল। আঙুল নাড়িয়ে সমস্ত নির্দিষ্ট নির্দেশ মুছে দিল। তারপর শুধু মনে মনে বলল, “একজন মা।”শূন্যে ধীরে ধীরে আলো জমতে লাগল। প্রথমে একটি অস্পষ্ট অবয়ব, তারপর মুখের রেখা, চোখ, ঠোঁট, কপালের কাছে নেমে আসা কয়েকটি চুল। ক্রমশ স্পষ্ট হয়ে উঠল এক নারীর প্রতিবিম্ব।অনিকেত চোখ খুলল।তার সামনে এক শান্ত মুখের নারী দাঁড়িয়ে আছেন। চোখে অদ্ভুত কোমলতা, ঠোঁটে মৃদু হাসি। তিনি যেন কিছু বলতে চাইছেন, অথচ কোনও শব্দ নেই।অনিকেত একটু এগিয়ে গেল। নারীটিও যেন তার দিকে তাকিয়ে রইলেন। সে ধীরে ধীরে মুখের কাছে হাত তুলল। প্রতিবিম্বের চোখের দিকে তাকিয়ে নিজের মুখের সঙ্গে মিল খুঁজতে লাগল—চোখের কোণে, ঠোঁটের বাঁকে, কপালের রেখায়। কোথাও কি তার নিজের ছায়া আছে? কোনও অজানা জিনগত স্মৃতি কি এই মুখের মধ্যে লুকিয়ে রয়েছে?সে জানে, এই মুখটি হয়তো সম্পূর্ণ কৃত্রিম। হয়তো ডেটা সেন্টারের অসংখ্য মুখের বৈশিষ্ট্য মিশিয়ে তৈরি হয়েছে। তবু তার দৃষ্টি সরল না। এতক্ষণে সে বুঝতে পারল, সে কোনও নিখুঁত মুখ খুঁজছে না। সে খুঁজছে এমন কিছু, যার অস্তিত্ব সম্পর্কে তার কোনও প্রত্যক্ষ ধারণা নেই, অথচ যার অভাব সে এত দিন অনুভব করেছে।অনিকেত তাকিয়ে রইল সেই চোখের ভিতর। সে শুধু দেখতে চাইছিল, একজন মায়ের চোখে তার নিজের কোনও ছায়া খুঁজে পাওয়া যায় কি না।কিছুক্ষণ পর প্রতিবিম্বটি ধীরে ধীরে ঝাপসা হয়ে এল। আলোর রেখাগুলো একে একে মিলিয়ে গেল বাতাসে। ঘর আবার আগের মতো নিঃশব্দ।অনিকেত ধীরে ধীরে চোখ খুলল। তার কাজ এখনও অসমাপ্ত, অথচ হাত আর চলছিল না। সে কিছুক্ষণ শূন্যের দিকে তাকিয়ে রইল। সেই মুখটি কৃত্রিম, সে জানে। তবু কেন যেন মনে হচ্ছিল, তার সামনে থেকে কেউ চলে গেছেন, যাঁকে সে কোনও দিন সত্যিই পায়নি।ঠিক সেই সময় তার বন্ধুর ছবি ভেসে উঠল সামনে।“আবার মুখ কালো করে বসে আছিস! নিশ্চয়ই সেই প্যানপ্যান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্মৃতির রিল দেখেছিস। তোকে না কতবার বলেছি, পুরোনো পৃথিবীর এসব আবেগঘন স্মৃতি দেখা ছাড়। ইভেন মোস্ট অফ আস ডোন্ট নো আওয়ার পেরেন্টস। সো হোয়াট? তাতে কী এসে যায়? জানিস তো, আজ আমাদের পার্টি আছে আমার মুন বাংলোয়। সব ব্যবস্থা হয়ে গেছে। সি ইউ ইন দ্য রকেট!”অনিকেত কিছুক্ষণ বন্ধুর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, “আজ আমি আসব না।”বন্ধুটি অবাক হয়ে গেল। “কী বললি? তুই আসবি না? তোর শরীর খারাপ নাকি?”“না।”“তাহলে?”অনিকেত উত্তর দিল না। কী বলবে সে? যে প্রশ্নের উত্তর সে নিজেও জানে না, সেই প্রশ্নের কথা বন্ধুকে বোঝাবে কী করে?সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।ঘরে আবার নীরবতা নেমে এল। কিন্তু এবার সেই নীরবতা আগের মতো ছিল না। অনিকেতের

স্মৃতির লকার Read More »

Scroll to Top