প্রজাপতি মিশ্র
সুজাতা রায়
ভদ্রলোকের নাম প্রজাপতি মিশ্র। ছোটো খাটো গড়ন , অল্প বয়সেই চকচকে টাক আর টাকের নিচে দু চারটে কোঁকড়ানো চুল । ধবধবে ফর্সা শরীরে পৈতেটা যেন আরো সাদা দেখায় । কথায় কথায় বলেন , আর পৈতেটা টানটান করেন , হুঁ হুঁ বাবা আমি প্রজাপতি মিশ্র । আমার চোখ এড়িয়ে একটা পাতাও পড়েনা । লোকটা পারেনা এমন কোনো কাজ নেই , সত্যি সত্যিই জুতো সেলাই থেকে চন্ডীপাঠ। তবুও গিন্নী আর তিন ছেলেপুলে নিয়ে প্রজাপতির অর্ধেক দিন পেট পুরে খাওয়া জোটেনা । ও কিন্তু কুঁড়ে নয় বেশ খাটিয়ে । কিন্তু ওই যে বলেনা গ্রহের ফের । প্রজাপতি বাদাম বেচলে চাট্টিখানি পচা বাদাম বের হয়, আম তো হয় জলসা নয় দাঁত পর্যন্ত টকে যাওয়া , জুতো সারানোওয়ালার সাকরেদি করে এই মার খায় তো ওই খদ্দের ঝগড়া করে , জুতোর পেরেক ফুটে পা ফর্দাফাই । সিকিউরিটি গার্ডের কাজ করতে গিয়ে এমন ঘুম ঘুমালো এক রাতেই হরিবাবুর আমবাগানের ল্যাংড়া আম শেষ । প্রজাপতিকে কেউ আর কাজ দিতে চায়না । বাচ্চাগুলো রোগা রোগা , নাক দিয়ে শিকনি ঝরে আর কেবল খ্যান খ্যান করে কাঁদে । কালকের ঝড়ে হরিবাবুর পাহারা ঘরের টিন উড়ে গেছে । গিন্নী বললো যাওনা কটা বাঁশ জোগাড় করে টিনের ছাউনি দিয়ে স্টেশন বাজারে একটা গুমটি দোকান দাওনা । হরিবাবুর পতিত জমিটা কবে থেকে পড়ে রয়েছে , শুদ্ধু বাজে লোকেদের আড্ডা । ভয়ে ভয়ে হরিবাবুর কাছে প্রস্তাবটা দিতে কি জানি কেন উনি রাজি হয়ে গেলেন , পুরোনো বাঁশ ও দিলেন গোটা দশেক । সারাদিন ধরে অনেক পরিশ্রম করে প্রজাপতি আর ওর বউ একটা দোকান বানালো । বউয়ের শাড়ি কেটে পর্দা আর ভাঙা শ্লেটে চক দিয়ে লেখা সাবিত্রী নিরামিষ হোটেল I ভাত ডাল তরকারি তিরিশ টাকা । গিন্নীর একটু ভয় ভয় করতে লাগলো , হ্যাঁগো পারবে তো , আরে কুছ পরোয়া নেহি আমি প্রজাপতি মিশ্র। শুরু হয়ে গেলো হোটেল । গিন্নীর নাকের ফুল বাঁধা দিয়ে কেনা হোলো চাল , ডাল , সবজি । কোনোদিন দুটো _ কোনোদিন তিনটে খদ্দের হয় , চাটনি আর বকফুলের বড়ার দিন আটজনের এক পরিবার খেয়ে গিয়ে দারুণ সুখ্যাত করলো , ভাত , ডাল প্রজাপতি বানায় , বাকি রান্না গিন্নী করে । আজ সকাল থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি । গিন্নী আজ তিনটে বাচ্চার রেজাল্ট আনতে স্কুলে যাবে । ওকেই সামলাতে হবে হেঁসেল আর ক্যাশ বাক্স । প্রজাপতি বানালো ভাত ডাল আর আলু পটল। হরি বাবুর বাগান থেকে কয়েকটা কুমড়ো ফুল তুলে এনেছে ভাজবে । একটাও খদ্দের নেই , যাকগে দুপুরে ছেলেমেয়েদের নিয়ে জমিয়ে খাওয়া যাবে আলু পটলের তরকারি আর কুমড়ো ফুলের বড়া । চোখটা একটু কি লেগে এসেছিল, নড়েচড়ে উঠলো বুড়ির খ্যানখ্যানে গলায় , বাবা চাট্টিখানি ভাত হবে সকাল থেকে কিচ্ছু খাইনি , বুড়ির ন্যাতাপানা শাড়ি , আরো ছেঁড়া পুঁটলি আর ত্যাড়া ব্যাঁকা লাঠি দেখে প্রজাপতি বুড়িকে উনুন ধারে বসালো , বুড়িমা কি ভেজাই ভিজেছো । তারপর কত গল্প । প্রথমে জল চিনি , তারপরে পেট ভরে বুড়ি খেলো ভাত , তরকারি , দুটো বড়াও দিলো প্রজাপতি । বুড়ি কোমরের ভাঁজের গিঁট থেকে বের করলো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা সকাল থেকে ভিক্ষে করে জুটিয়েছে। প্রজাপতি নেবেনা , বুড়িও ছাড়বেনা , শেষকালে ঠিক হোলো বুড়ি একদিন রান্না করে এই হোটেলেই প্রজাপতিকে খাওয়াবে । লাঠি ঠকঠক করতে করতে বুড়ি চলে গেলো । প্রজাপতি আবার ঢুলছে । গিন্নী এসে ওকে তুলে সবাই মিলে খেলো । ক্যাশ বাক্সে পড়ে আছে মাত্র চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা । কালকের বাজার কি করে হবে । হঠাৎ গিন্নীর চোখে পড়লো পর্দার পিছনে নোংরা কি একটা । ফেলে দিতে যাবে , প্রজাপতি চিৎকার করে উঠলো আরে এটা যে বুড়িমার থলে । রেখে দাও আবার আসলে দিয়ে দেবো । বড্ড ভারী লাগছে যে ,আছে কি ? নানা অন্যের জিনিস ধোরো না , আরে দেখিই না , আমরাতো কিছু নিচ্ছি না । আর আছেটা কি ছেঁড়া রুটি কিংবা দুচারটে ময়লা কাপড় । সত্যিই তাই ময়লা থান আর জপের মালা বের হোলো আর একটা টিনের লম্বাটে কৌটো , তার মধ্যে গুছিয়ে রাখা বেশ অনেক টাকা আর একটা সেলাই , না শেষ হওয়া সেলাই , সংসার সুখের হয় রমণীর, আর সেলাই করা নেই । এখন প্রজাপতির স্টেশন বাজারে হোটেল , নাম বুড়িমা ও সাবিত্রী হোটেল । সেলাইটা গিন্নী শেষ করেছে , অত ভালো পারেনি কিন্তু বাঁধানো ফ্রেমের মধ্যে থেকে পড়া যায় সংসার সুখের হয় বুড়িমার গুণে । আজো প্রজাপতি ক্যাশ বাক্সের সামনে ঢুলতে ঢুলতে অপেক্ষা করে সেই খ্যানখ্যানে গলার জন্য ।
সুজাতা রায়
লেখক , কবি আর সোস্যাল অ্যাক্টিভিস্ট, পেশা বইয়ের মেলার মেলার পরিব্রাজক ও হকার ও নেশা প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো।

Полезный информационный портал https://soloha.in.ua с интересными статьями, практическими советами и актуальными материалами на разные темы.
Женский онлайн-журнал https://zhinka.in.ua о красоте, здоровье, отношениях, семье и саморазвитии.