সে ছিল

সোমনাথ ব্যানার্জী


 

image edb2555b

রাত তখন প্রায় দশটা। হঠাৎ দরজায় নক। এত রাতে কে, এই ভেবে রজত দরজা খুলতে গেল। খুলতেই দেখল—একটা ছেলে সিঁড়ির ধাপে বসে আছে। বাম পা থেকে রক্ত গড়াচ্ছে, কপালের একদিক ছিঁড়ে আছে। মুখটা ফ্যাকাশে, চোখদুটো যেন অন্য কোথাও হারিয়ে আছে।

ছেলেটি ক্লান্ত গলায় বলল, “কাকু… একটু ফার্স্ট এইড পাওয়া যাবে? রক্ত পড়েই যাচ্ছে।”

রজতের স্ত্রী স্নিগ্ধাও ততক্ষণে এসে দাঁড়িয়েছে। রজত বলল, “স্নিগ্ধা, ফার্স্ট এইড বক্সটা আনো তো।”

স্নিগ্ধা একটু দ্বিধা করে ভিতরে গেল। রজত ছেলেটিকে জিজ্ঞেস করল, “কে তুমি? এত রাতে এ অবস্থায়?”

“আমি রক্তিম। জিটি রোড দিয়ে ফিরছিলাম। একটা কুকুর হঠাৎ সামনে এসে পড়ায় ব্যালেন্স হারালাম। ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়েছি। বাইকটা… আর চলবে না মনে হয়।”

রজত বলল, “ভেতরে এসো। বাইরে বসে থেকো না।”

স্নিগ্ধা বক্স হাতে এসে বিরক্ত গলায় বলল, “এত রাতে অপরিচিত কাউকে বাড়িতে ঢোকাচ্ছো? আমাদের মেয়ে আছে জানো তো।”

রজত একটু কড়া হয়ে বলল, “দেখছ না কী অবস্থা? চুপ করে বক্সটা দাও।”

ঠিক তখন ঘর থেকে তৃণার গলা ভেসে এল, “মা, খেতে দাও না গো…” কথা বলতে বলতে সে দরজার কাছে এসে থমকে গেল।

“রক্তিম…? তুই?”

রক্তিম মাথা তুলে তাকাল। চোখে একটা অদ্ভুত স্বস্তি ফুটে উঠল। “তৃণা…”

রজত অবাক হয়ে বলল, “চেনা মানুষ নাকি?”

তৃণা দ্রুত এগিয়ে এসে বলল, “কলেজের বন্ধু। একি অবস্থা তোর। ওঠ দেখি, ভিতরে আয়।”

স্নিগ্ধা আরও কিছু বলতে গিয়েও থেমে গেল।  রক্তিম নিজে কষ্ট করে উঠতে চেয়ে বলল,” আমি পারবো। অতটাও তেমন হয়নি।

ফার্স্ট এইড করতে করতে তৃণা জিজ্ঞেস করল, “এত রাতে কোথায় যাচ্ছিলিস?”

রক্তিম হালকা হাসল। “ওসব থাক। তোর কি খবর? কেমন আছিস? কলেজের পর আর তো এই প্রথম দেখা।”

“এই আছি। একটা কলেজে পড়াই এখন।”

“টিচার হয়ে গেলি তো। সাবাশ।”

তৃণা একটু চুপ করে থেকে বলল, “তুই কোথায় ছিলিস এতদিন? রিইউনিয়নে আসলি না। ফোনের রিপ্লাইও দিস না। সবাই বলত… আমি তোকে না বলেছিলাম বলে আর মুখ দেখাস না।”

রক্তিম মৃদু হাসল। “এসব ছোট খাটো বিষয় নিয়ে মাথা ঘামায় এখনো? যাক গে, আমি আর কি করি বল। বেকার মানুষের আর কী গতি। যেখানে যাই, প্রথম প্রশ্ন—এখন কী করছ? তাই আর যাই না কোথাও।”

 তৃণা কিছু বলতে গিয়েও থেমে গেল। রক্তিমের চোখে একটা গভীর ক্লান্তি ছিল, যা আগের চেনা রক্তিমের মতো নয়।

 খাবার টেবিলে রজত জোর করেই রক্তিমকে বসাল। “আজ রাতটা থেকে যা। বাইক তো নষ্ট। কাল সকালে দেখা যাবে।”

রক্তিম আপত্তি করতে গিয়েও শেষ পর্যন্ত রাজি হল। রক্তিম কে একটা ঘর দেখিয়ে দিল তৃণা। তারপর, বলল,” তুই রেস্ট নে। কিছু দরকার পড়লে বলিস।”

রাত গভীর হয়ে এলে তৃণা নিজের ঘর থেকে বেরিয়ে রক্তিমের দরজায় এসে দাঁড়াল। দরজা খোলাই ছিল। ভিতরে ঢুকে দেখল রক্তিম জানালার পাশে বসে আছে।

“ঘুমোসনি?” তৃণা আস্তে বলল।

রক্তিম পেছন ফিরে হাসল। “ তোর অপেক্ষাই করছিলাম।”

তৃণা দরজার কাছেই দাঁড়িয়ে রইল। “মজা করছিস?”

 “একটু হয়তো। আয়, বস না, যদি অসুবিধা না থাকে।”

তৃণা এসে বসল। একটু চুপ থাকার পর রক্তিম বলল, “বিয়ে করলি না এখনো?”

তৃণা হাসল। “পছন্দ হয় না কাউকে।”

“জানি। তোর পছন্দ সহজে হয় না।”

 রক্তিম তরপর তাকিয়ে বলল, “আমাকেও তো একসময় পছন্দ হয়নি।”

তৃণা মাথা নিচু করল। “সেসব পুরনো কথা।”

আবার জানালার দিকে মুখ ফিরিয়ে বলল,”“হ্যাঁ।ঠিক বলেছিস, পুরনো।আর মরীচিকার পেছনে দৌড়োব না। ক্লান্ত হয়ে গেছি।”

তৃণা বলল,” ভালো লাগা কি জোর করে হয়, বল?”

“ তাই, ঠিক বলেছিস। আচ্ছা, তুই কি কিছু বলবি? মনে হচ্ছে, কিছু একটা বলতে চাইছিস।

 

তৃণা হঠাৎ বলল, “আমার একটা সমস্যা হয়েছে ইদানিং।”

রক্তিম তার দিকে ফিরল।

“কিছুদিন ধরে কয়েকটা ছেলে রাত্রে আমার জানালার সামনে এসে দাঁড়ায়। নোংরা কথা বলে। মেসেজ করে। ব্লক করলে অন্য নম্বর থেকে আসে।”

“বাবাকে বললি?”

“না। মা জানলে আর বাইরে যেতেই দেবে না। বিয়ে না করায় এমনিতেই রাগ করে আছে।”

রক্তিম উঠে দাঁড়াল। “চল, তাহলে দেখি।  তোর ঘরে যাই।”

দুজনে অন্ধকার ঘরে জানালার পাশে বসল। রক্তিম বলল,” কখন আসে?”

“সময় হয়ে গেছে…” বলতে বলতেই হঠাৎ একটা নুড়ি কাঁচের গায়ে বাজল।

তৃণা ভয়ে রক্তিমের হাত চেপে ধরল। বাইরে তিনজন ছেলে দাঁড়িয়ে। একজন বলল, “ও টিচার, আমাদেরও একটু পড়াও না গো…”

আরেকজন হাসতে হাসতে বলল, “একা একা কতদিন? দরজা খুলে দাও।”

তৃণার শরীর কাঁপছিল। রক্তিম তার হাত ছেড়ে উঠে দাঁড়াল। “এখানে থাক। আমি যাচ্ছি।”

“না… ওদের কাছে অস্ত্র থাকতে পারে।”

রক্তিম শুধু একটা ম্লান হাসি হেসে বলল,“ভয় পাস না।এসব আমার আর কিচ্ছু করতে পারবে না।”

সে বেরিয়ে গেল। তৃণা জানালার কাছে  দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বাইরে তীব্র চিৎকার উঠল। কেউ কেঁদে বলছে, “না… আর আসব না… ছেড়ে দাও!” তারপর সব চুপ।

দরজা খুলে রক্তিম ঢুকতেই তৃণা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, “তুই আজ যা করলি, আমি কি করে যে তোকে…..?”

রক্তিম তার মাথায় হাত বুলিয়ে বলল, “চল, বস।”

দুজনে বিছানায় বসল। তৃণা চোখ মুছতে মুছতে বলল, “সেদিন কলেজে তোকে না বলেছিলাম… সাথে হেসেছিলামও। সরি।”

রক্তিম মাথা নাড়ল। “ওটা আমার ইনফ্যাচুয়েশন ছিল। তোর কোনো দোষ নেই। না বলার অধিকার তোর ছিল।”

তৃণা রক্তিমের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ আস্ত আস্তে এগিয়ে গেল। কিন্তু রক্তিম একটু শক্ত হয়ে গেল, সে উঠে অন্য দিকে চলে গেল। তৃণা বলল,” খুব দেরি হয়ে গেল?” রক্তিম বলল,” সামনের দিকে এগিয়ে যা। আমি past। আমার মধ্যে বর্তমানে এসব থেকে অনেক এগিয়ে গেছি।  নতুন জীবনের দিকে এগো। এখন পিছু ফেরা টা বোকামো।”

 তৃণা একটু লজ্জায় পড়ল। রক্তিম এবার তার কাছে এসে তার একটা হাতে হাত রেখে বলল,” তোকে লজ্জিত করার অভিপ্রায় আমার ছিল না। কিন্তু সাময়িক ইমোশান কে প্রাধান্য দেওয়ার কোনো মানে নেই। আর এটা তুই কদিনের মধ্যেই বুঝতে পারবি। এসব ছাড়, তারপর বল কলেজের ঐ বিষয় টা কি হয়েছিল?”

 পরে আর কতক্ষন কথা হল তৃণার মনে নেই। সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল।

 

সকালে রজতের গলায় তৃণার ঘুম ভাঙল। “তৃণা ওঠ… বেলা হয়ে গেছে।”

তৃণা চমকে উঠে পড়ল। তারপর, 

তাড়াতাড়ি রক্তিমের ঘরে গেল। রজত পথেই বলে দিল, “ও তো ভোরেই চলে গেছে। আমাকে শুধু বলল—‘কাকু, চললাম’—তারপর দরজা বন্ধ করে দিল। বাইরে আর দেখতেই পেলাম না।”

তৃণা ঘরে ঢুকে বালিশের নিচে একটা ভাঁজ করা কাগজ পেল।

“চললাম।

কিছু মনে করিস না। পরে বুঝতে পারবি। ভয় পেয়ে পিছিয়ে যাস না। আমি যেখানে চলে গেছি, সেখান থেকে আর ফেরা যায় না। তুই যেটা ভাবছিস, সেটা সম্ভব নয় আর।

বন্ধু হিসেবেই না হয় রয়ে গেলাম।

 

 তৃণার চোখ দিয়ে জল গড়িয়ে কাগজ ভিজে গেল।

সেদিন বিকেলে ট্রেনে কলেজের এক পুরনো বন্ধুর সাথে দেখা। নামার সময় সে বলল, “ ওহ,একটা খবর শুনেছিস নাকি? রক্তিম… সেই আমাদের কলেজে পড়তো। গতপরশু অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাইকে ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে। স্পট ডেথ।”

ট্রেন ছেড়ে চলে গেল। তৃণা স্টেশনের প্ল্যাটফর্মে চুপচাপ দাঁড়িয়ে রইল। কানে শোনা কথা টা যেন বিশ্বাস ই হচ্ছে না।

SOMNATH BANERJEE

সোমনাথ ব্যানার্জী

পরিচিতি : লেখক সমকালীন ভাবনায় বিশ্বাসী এক তরুণ লেখক। সহজ ভাষায় গভীর অনুভূতি ও চিন্তার প্রকাশই তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য। ইতিহাস, দেশপ্রেম, মানবিক অনুভূতি এবং মানুষের মানসিক টানাপোড়েন তাঁর লেখার প্রধান বিষয়।
বাস্তব ইতিহাসের ঘটনা ও চরিত্রকে কল্পনার সঙ্গে মিলিয়ে পাঠকের সামনে নতুনভাবে তুলে ধরতে তিনি আগ্রহী। তাঁর লেখায় অতীতের ঘটনাপ্রবাহের পাশাপাশি বর্তমান সমাজ ও মানুষের চিন্তাভাবনাও বিশেষ গুরুত্ব পায়।
ইতিমধ্যেই তাঁর “সেই সময় ইউক্রেনে” এবং “আবার দেখা হবে…” গল্প দুটি প্রকাশিত হয়েছে। প্রতিটি রচনায় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ও অনুভূতির মধ্য দিয়ে মানুষের জীবন, সম্পর্ক এবং সমাজকে দেখার চেষ্টা করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top