দেবসেনাপতি
অনিল চক্রবর্তী
দেবসেনাপতি কার্ত্তিক নানা নামে নানা রূপে শুধুমাত্র ভারতেরই বিভিন্ন রাজ্যে নয় শ্রীলংকা, সিঙ্গাপুর,মরিশাস, মালয়েশিয়ার মতো ভিনদেশেও পূজিত হ’ন। পুরাণে কার্ত্তিক কে যুদ্ধের দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে। তাঁর বিভিন্ন রূপ, গুণ ও কর্মের জন্য তিনি ১০৮ টি নামে ভূষিত। স্কন্দ পূরাণ অনুসারে তার কয়েকটি বলা যেতে পারে —স্কন্দ, ষড়ানন, শিখিধ্বজ, বেলায়ুধ, বিশাখ, আগ্নিক, সুব্রম্ভণ্য, মহাসেন, মুরুগান, সর্বস্বামী প্রভৃতি। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা হ’ত। তিনি হলেন বিজয়ে-
র দেবতা। তাঁর নাম অনুসারে উল্লিখিত বাঙলা মাসের সংক্রান্তিতে দেবতার পূজারম্ভ। ঘরের ছেলে বিচারে তাঁর পূজায় মাদুর, বালিশ, খেলনা, পুতুল অর্পণ করা হয়। হুগলী জেলার বাঁশবেড়িয়া ও পূর্ব বর্ধমানের কাটোয়া কার্ত্তিক পূজার জন্য খ্যাত। খোকা, ধুমো, জামাই, জ্যাংড়া প্রভৃতি নাম বাঁশবেড়িয়ার কার্ত্তিক-এর। বারবনিতার হাত ধরে কাটোয়ার কার্ত্তিক পূজার সূচনা। কার্ত্তিক- লড়াই এখানের বৈশিষ্ট্য। উত্তর ভারতে মহা-
সেন ও কুমার নামে এবং দক্ষিণ ভারতে প্রধানত: তামিলনাড়ু ও অন্যত্র মুরুগান নামে দেবসেনাপতি পূজিত হয়ে থাকেন। তামিল বিশ্বাসানুযা-
য়ী দেবতা মুরুগানই তামিল দেশের রক্ষক। ছ’টি প্রসিদ্ধ কার্ত্তিক মন্দির আছে ঐ রাজ্যে। তাকে সাধারণত চিরযৌবনপ্রাপ্ত যুবক হিসাবে কল্পনা
করে’ মূর্তি বানানো হয়, চোখে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় সংকল্প। হাতে শক্তি শূল, থাকে শিখী বা ময়ূর–তাঁর বাহন। পুরাণ বলে তারকা-
সুর বধের জন্যই শিব-পার্বতীর পুত্র হিসাবে তাঁর জন্ম। দেবরাজ ইন্দ্র কন্যা
দেবসেনা ও নম্বিরাজ কন্যা বল্লি কার্ত্তিকের স্ত্রী তবু তাকে চিরকুমার হিসাবে ধরা হয়। ধন পুত্র লাভের আশায় এনার পূজা। যেসব দম্পতির সন্তান হয়নি তাদের বাড়িতে কার্ত্তিক মূর্তি বসিয়ে আসা হয়। সাথে গৃহস্থের
প্রতি একটি চিঠি। কৌমারম সম্প্রদায়- এর ইষ্ট দেবতা হ’লেন কার্ত্তিক।
কার্ত্তিক পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বাংলার লোকাচার, বিশ্বাস, ঐতিহ্য আর আনন্দের মেল-বন্ধন। যদিও সব দেবতার পূজা পৃথকভাবেও হয় তথাপি মানুষ বলে থাকে কার্ত্তিক প্রসঙ্গেই—-
কার্ত্তিক ঠাকুর হ্যাংলা
একবার আসে মায়ের সাথে
একবার আসে একলা।
লেখক পরিচিতি — ঠিকানা কালনা , পূর্ব বর্ধমান ৷ অবসর প্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার ৷ একসময় ক্যুইজ প্রতিযোগিতা সঞ্চালনা করে এসেছেন একচেটিয়া ৷ পরে লেখালিখির সাথে যুক্ত হয়ে কবিতা গল্প ও প্রবন্ধ লিখতে শুরু করেন ৷ইতিমধ্যে তার দুটি বইও প্রকাশ পেয়েছে ৷

সমৃদ্ধ হলাম অনিলদা