কোন কালীকে দেওয়ালে টাঙাবেন?
অয়ন মুখোপাধ্যায়
এক পিঠে আঁকা জি. সি. দাসের ‘শ্রীশ্রী কালী’। খিলানের ঠিক মাঝখানে দেবীর মুখ। মুখ থেকে জিভ বেরিয়ে আসছে। আবার এই কাগজটাকেই উল্টে দেখি, সেখানেও আরেকটা কালী। দেখতে একদম আলাদা। কালো ছাপ। দেবীর মুখ আর হাত কাগজের নিচের দিকে, মাথার ওপর অনেকখানি ফাঁকা। উনিশ শতকের কলকাতায় ছাপাখানা পুরোনো কাগজের ফাঁকা পিঠেই জি. সি. দাসের ছবিটা ছেপেছিল। ফলে ওই কাগজের সামনে-পেছনে দুজন শিল্পীর কালীকে আমরা দেখতে পেয়েছি। কিন্তু কাগজটাকে বাঁধিয়ে দেওয়ালে টাঙানোর সময় একটা পিঠ তো আড়ালে থাকবেই। সে ক্ষেত্রে কোন দিকের কালীঠাকুরকে আমরা সামনে রাখব? প্রশ্ন হল, কোন কালীঠাকুরের মুখকে আমরা ঠিক বলে গণ্য করব? অথবা কে বলে দেবে, এই ছবিটাই আসল কালীর ছবি? সেখানেই গোল বাঁধল। চিত্রসংস্কৃতির ওপর বিশিষ্ট গবেষক কাজরি জৈন তাঁর ‘Gods in the Bazaar’ বইয়ে শিবকাশীর এক ছবি-প্রকাশকের অভিজ্ঞতার কথা লিখেছেন। সেই প্রকাশকের কথায়, “দক্ষিণ ভারতে ক্রেতারা বসা লক্ষ্মীর ছবি পছন্দ করেন, আর উত্তর ভারতে দাঁড়ানো লক্ষ্মীর ছবি।” লক্ষ্মীর বসা বা দাঁড়ানো নিয়ে যেমন পছন্দের ফারাক, কালীর এই দুটো মুখের সামনেও দর্শকের পছন্দ আলাদা হতে পারে। একজন হয়তো খিলানের তলার মুখটা বেছে নেবেন। আবার অন্যজন হয়তো বেছে নেবেন উল্টো পিঠের কালো ছাপে কালীর ছবিটা। ঘরে কিংবা পুজোয় আগে কোন মুখটা দেখেছি, সেই পছন্দে তারও ছাপ থাকে। ঠিক-ভুলের প্রশ্নটাকে এক মুহূর্তের জন্য সরিয়ে রেখে বিষয়টাকে উল্টে দেখি। কোন মুখটা দেখে আমরা বলব, ‘এ তো আমাদের চেনা কালী’? সেই মুখটা কোথা থেকে এল, কীভাবে বদলাল, আর কে আমাদের তা চিনতে শেখাল?
এই প্রসঙ্গে প্রথমেই কালীঠাকুরের জিভের বিষয়টাকে যদি খুঁজতে যাই, তাহলে আমাদের আলোচনা করতে হবে দুটো প্রাচীন মূর্তি নিয়ে। সরাইকেলার ষষ্ঠ শতকের চামুণ্ডার পেট বসে গেছে, হাতে করোটি। দ্য মেটের দশম–একাদশ শতকের চামুণ্ডার নাভির কাছে ভাস্কর একটা বিছে খোদাই করেছেন। চণ্ডীর সপ্তম অধ্যায়ে কালী চণ্ড আর মুণ্ডকে মারেন, অম্বিকা তাঁর নাম দেন চামুণ্ডা। এই বইটা থেকে আমরা জানতে পারি, দেবী কী করলেন। দুই ভাস্কর দেখিয়েছেন, মৃত্যুর সঙ্গে তাঁর কারবারটা দেখতে কেমন। দেবীর হাতে খড়্গ দেখে যে ভয় পাই, বসে যাওয়া পেটটা সেই ভয়কে আমাদের রক্তের মধ্যে আরও কাছে নিয়ে আসে। ওই শরীরের হাড়গোড় আমাদেরও চেনা।
কিন্তু ওই শুকনো শরীরটাকেই দেবীর চেনার চিহ্ন ধরে হাম্পি গেলে আবার আমরা আটকে যাব। বিজয়নগর আমলের চতুর্দশ–পঞ্চদশ শতকের গ্রানাইট মূর্তিতে কালী বসে আছেন, ডান পাটা ঝুলছে। হাতে ডমরু ও পাত্র। নয়াদিল্লির জাতীয় সংগ্রহশালায় রাখা ষোড়শ শতকের আরেক বিজয়নগর মূর্তিতেও দেবী বসে আছেন। এক হাঁটু ভাঁজ করে, মাথায় উঁচু মুকুট। ছবিতে সেই দ্বিতীয় মূর্তিটি আছে। সাল সাজিয়ে আমরা আগে আর পরে চিনে নিতেই পারি। কিন্তু সরাইকেলার চামুণ্ডা থেকে হাম্পির কালী কবে থেকে এলেন, এমন নির্দিষ্ট হদিস ওই সালগুলো দেয় না। বরং এখানে একটা প্রশ্ন আপনার মনে জাগতেই পারে। শিল্পী কাদের কাছে দেবীকে কোন রূপে চিনিয়ে দিচ্ছেন?
বসোহলির শিল্পী সে প্রশ্নের উত্তর ছবির মধ্যেই বসিয়ে রেখেছেন। হরিণের ছালের ওপর বৈষ্ণব ঋষি চ্যবন। সামনে ভদ্রকালী। আনুমানিক ১৬৬০–৭০ সালের এই ছবিটি সম্ভবত কৃপালের। স্মিথসোনিয়ানের ব্যাখ্যা অনুযায়ী, চ্যবন বৈষ্ণব বলেই তাঁর সামনে দেবীর হাতে বিষ্ণুর শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। রবীন্দ্রনাথ ‘মানুষের ধর্ম্ম’-এ লিখেছিলেন, “মানুষের দেবতা মানুষের মনের মানুষ।” ছবিটা সেই কথার পাশে রাখলে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই। ঋষি নিজে ছবির বাঁ দিকে বসে আছেন, অথচ তাঁর চেনা চারটে জিনিস দেবীর চার হাত জুড়ে আছে।
মণ্ডির শিল্পী প্রায় দেড়শো বছর পরে একই দেবীকে চিনিয়েছেন ঠিক উল্টো পথ ধরে। শঙ্খের বদলে খড়্গ, বনের বদলে চিতা। শিবের নিথর দেহের ওপর কালী, পাশে শেয়াল আর হাড়গোড়। দুটো ছবিই তান্ত্রিক দেবীচিত্রের ধারায় পড়ে। তন্ত্রের ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে র্যাচেল ফেল ম্যাকডারমট বলেছেন, “তন্ত্রে সাধক কালীর রূপ মনে ধরে উপাসনা করতেন।” বাংলার শাক্ত গানেও সেই সাধনার ছাপ তিনি পেয়েছিলেন। শ্মশানকে বুকের মধ্যে এনে রাখার গল্প যে গান আমাদের শিক্ষা দেয়, সেই গানেই ভক্ত কালীকে মা বলে ডাকেন। শ্মশান আর ঘরের মধ্যে যে দূরত্ব মণ্ডির ছবিতে দেখি, গানের ভক্ত সেই দূরত্ব ঘুচিয়ে দেন। খড়্গ হাতে যিনি দাঁড়িয়ে, তাঁকেই আমরা ঘরের মানুষ বলে চিনি, মা বলে ডাকি।
নবদ্বীপের লোককথায় ঘরের সঙ্গে দেবীর মুখের যোগ আছে। কৃষ্ণানন্দ আগমবাগীশ ভোরে এক গৃহবধূকে ঘুঁটে দিতে দেখলেন। সাধককে দেখে তিনি জিভ কাটলেন। লোককথায় বলে, সেই ভঙ্গি থেকেই নাকি জন্ম দক্ষিণাকালীর মুখ। কিন্তু এই গল্প দিয়ে মূর্তির জন্মসাল নির্ধারণ অসম্ভব। তবে যে মুখে এক ভক্ত যুদ্ধের চিহ্ন দেখেন, সেই মুখে আরেক ভক্ত ঘরের মেয়ের পরিচিত ভঙ্গিও দেখতে পান। কালীঘাটের পটেও সেই জিভ। পটুয়া লাল রঙে তাকে টেনে দিয়েছেন। ক্লিভল্যান্ডের সংগ্রহে থাকা পটে আমরা দেখি, তার ঠিক ওপরেই নীলচে মন্দিরের চূড়া। তীর্থযাত্রী পট কিনে বাড়ি ফিরলেন। কাগজে দেবীর সঙ্গে মন্দিরটুকুও তাঁর সাথে ঘরে গেল।
তীর্থযাত্রীর পুঁটলি করে যে কালী ঘরে যেত, সেই কালীর মুখ ছাপাখানার হাত ধরে পৌঁছে গেল এমন সমস্ত লোকের কাছে, যারা কোনোদিন কালীঘাটে যাননি। পটুয়া তুলি টানতেন একটা পটে। সেই জায়গায় ছাপাখানার একটা কালী মূর্তির নকশা বৈপ্লবিকভাবে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে গেল। বটতলার হেমচন্দ্র দাস দুই ধাতব ফলক থেকে পাশাপাশি ছাপলেন কালী ও জগদ্ধাত্রী। দুজনের মাথার ওপর খিলান। সরু থাম দেখে কলকাতার ঢালাই লোহার কাজ মনে পড়ে যায়। ২০২৬ সালে দ্য মেটের গবেষক বৈষ্ণবী পাতিল লিখেছেন, “দাম কম, সঙ্গে নেওয়া সহজ, আর দরকারে নতুন কপি মেলে”—এই কারণেই লিথোগ্রাফ দেবদেবীর ছবি মন্দির ও ছাপাখানা ছাড়িয়ে বহুদূর নিয়ে গেল। কাজরি জৈন ক্যালেন্ডারের ছবি নিয়ে গবেষণা করতে ছাপাখানার লোক, প্রকাশক আর ক্রেতাদের কথাও শুনেছিলেন। ছবি কেমন দেখতে, তার সঙ্গে কে ছাপল, কোথায় বিকোল আর ক্রেতা কোথায় রাখলেন, সেই হিসেবটাকেও তিনি বিশ্লেষণ করেছেন।
বোম্বাইয়ের কাছে রবি বর্মা প্রেসের কালীতে এই হিসেবের আরেকটা দিককে আমরা দেখতে পাই। নীল দেবী শিবের ওপর দাঁড়িয়ে, হাতে রক্ত ধরার পাত্র। আনুমানিক ১৯১০–২০ সালের এই ছবিটি প্রেসের শিল্পীরা বানিয়েছিলেন রবি বর্মার মৃত্যুর পরে। চিত্রসংস্কৃতির ইতিহাস নিয়ে ক্রিস্টোফার পিনি লিখেছেন, প্রেস “অন্য শিল্পীদের ছবিও তাঁর স্বাক্ষর দিয়ে ছাপতে থাকল।” এখানে বাজারের দুটো কাজ। সে একই মুখ যেমন বহু ঘরের কাছে পরিচয় করিয়ে দেয়, আবার অন্যদিকে এক জনের নাম বহু শিল্পীর কাজের সঙ্গে জুড়ে যায়। এত বার দেখেছি বলেই যে মুখটি চিনি, তাকে চিরকাল এমনই দেখতে ছিল বলে ধরে বসা সেই কারণে সহজ।
এই কারণে সুকুমার রায়ের ‘গোঁফ চুরি’র বড়বাবু খুব প্রাসঙ্গিক। আয়না দেখেও তিনি মানতে রাজি নন, ওটা তাঁরই গোঁফ। শেষে খাতায় লিখলেন, “গোঁফকে বলে তোমার আমার—গোঁফ কি কারো কেনা?” শঙ্খ হাতে ভদ্রকালীকে দেখে আমারও যদি মনে হয়, এ আবার কেমন কালী, তা হলে বড়বাবুর সঙ্গে আমার তফাত সামান্য। তিনি নিজের মুখের সঙ্গে গোঁফ মেলাতে পারছেন না। আমি আমার দেওয়ালের ছবির সঙ্গে দেবীকে মেলাতে পারছি না।
শিল্পীরা সেই অমিলটাকেই কাজে লাগিয়েছেন। প্রহ্লাদচন্দ্র কর্মকার ১৯৩৮ সালে গ্রামের কালীপুজো আঁকলেন। ছবিতে দেবী এক পাশে। অনেকখানি জায়গা জুড়ে পুজোয় আসা মানুষ। ছাপের ছবিতে আমরা দেবীর মুখোমুখি হই, কর্মকারের ছবিতে সেই মুখ দেখতে হয় লোকের ভিড়ের ভেতর দিয়ে। মাধবী পারেখ ২০০৫ সালে আরেকভাবে চেনা ছবিতে হাত দিলেন। কালীর পায়ের কাছে রাখলেন মহিষাসুরের মাথা। চণ্ডীতে মহিষাসুর আর চণ্ড-মুণ্ডের যুদ্ধ আলাদা। কালিকা পুরাণের এক কাহিনিতে আবার ভদ্রকালীই মহিষাসুরকে মারেন। বসোহলির শান্ত ভদ্রকালী আর পুরাণের যোদ্ধা ভদ্রকালী একই নাম বহন করেন। ২০২৪ সালে গায়ত্রী সিংহের ‘Kali: Reverence and Rebellion’ প্রদর্শনী পুরোনো ও আধুনিক কাজকে পাশাপাশি রেখে এই ফারাকগুলোকে দেখবার বিশেষ সুযোগ করে দিয়েছিল। পারেখের ছবিটা দেখলে বোঝা যায়, নতুন ছবি কখনও কখনও পুরোনো কাহিনির ভুলে যাওয়া যোগটাকে ফের আমাদের চোখের সামনে নিয়ে আসে।
এবার বোধহয় আমরা জি. সি. দাসের কাগজটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। কালীর বহু রূপ ছাপাখানার আগেই ছিল। ছাপাখানা তাদের মধ্যে কয়েকটি মুখকে বহু ঘরের চেনা করে দিয়েছিল। শিল্পীরা আবার সেই চেনা মুখে হাত দিয়ে অন্য রূপ দেখালেন। আমার দেওয়ালে যে মুখটাই টাঙাই, সেটি আমার চেনা কালী। তাঁর ইতিহাসে উল্টো পিঠের মুখটিও আছে। বাঁধাইওয়ালাকে তাই বলব, দুদিকেই কাচ দিন। দেওয়ালে পেরেকটা একটাই। মাঝে মাঝে ছবিটা নামিয়ে উল্টে দেখার জন্য সেটুকুই যথেষ্ট।
অয়ন মুখোপাধ্যায়
লেখক পরিচিতি – কবি ও লেখক অয়ন মুখোপাধ্যায়। ঠিকানা – বলাগড়, হুগলী। যে সমম্ত পত্রিকাতে লিখে চলেছেন — পরম্পরা ,বাংলা স্ট্রিট অনলাইন , গুরুচণ্ডালী , বাংলা স্পিয়ার ,কেতাব ,ভারতের কণ্ঠ বাঙালা নেটওয়ার্ক ,আবর্ত , আপনপাঠ , বিকল্প ,গণশক্তি ,জলদর্চি ৷
